Published : 26 Jun 2026, 10:55 PM
ম্যাথু হামফ্রিজের ফুল লেংথ বলটি উড়িয়ে মারার চেষ্টায় ঠিকঠাক টাইমিং করতে পারলেন না আর্শদিপ সিং। অনেক উঁচুতে উঠে গেল বল। লং-অন থেকে সামনে দৌড়ে এসে বল মুঠোয় জমালেন টিম টেক্টর। দুই হাত ছড়িয়ে হুঙ্কার ছাড়লেন তিনি। ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন সতীর্থরা। চলতে থাকল তাদের আনন্দ-উল্লাস। অবিস্মরণীয় এক জয় বলে কথা!
টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে প্রথমবার খেলতে নেমে অভাবনীয় হারের তেতো স্বাদ পেল ভারত। পূর্ণশক্তির ভারতীয় দলকে হারিয়ে দিল খর্বশক্তির আয়ারল্যান্ড দল।
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের জয় ৩৪ রানে।
বেলফাস্টে শুক্রবার ১৮২ রানের পুঁজি গড়ে ভারতকে ১৪৮ রানে গুটিয়ে দেয় আইরিশরা।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে ১২ ম্যাচে আয়ারল্যান্ডের প্রথম জয় এটিই। এর আগে দুই দলের আটটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডের সবকটি জিতেছিল ভারত।
চোটের কারণে জশ লিটল, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফারসহ পাঁচ জন পেসারকে এই সিরিজে পায়নি আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে অভিষেক হয় দুই পেসারের। সেই দলই চমকে দিল বিশ্ব চ্যাম্পিয়নদের।
গত বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেওয়া পল স্টার্লিংয়ের জায়গায় এই সিরিজের আগে আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় লর্কান টাকারকে। নতুন পথচলার শুরুটা স্বপ্নের মতো হলো তার।
বিপরীতে শ্রেয়াস আইয়ারের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। এই সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা হলো তার।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে দুর্দান্ত বোলিংয়ে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা আইরিশ পেসার ম্যাট হলার্ড। দলটির আরেক অভিষিক্ত জেয় মুন্দ্রাও চমৎকার বোলিং করেন। ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি এই পেসার ২৫ রানে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়ার অপেক্ষায় থাকা বিস্ময়-বালক বৈভাব সুরিয়াভানশিকে ছাড়াই এ দিন একাদশ সাজায় ভারত।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ডের শুরুটা ভালো ছিল না। ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান- দুই ভাই হ্যারি টেক্টর ও টিম টেক্টর এবং রস অ্যাডায়ারকে হারায় তারা। অষ্টম ওভারে তাদের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫১।
সেখান থেকে ৬৪ রানের দারুণ জুটিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক টাকার ও গ্যারেথ ডেলানি।
পাঁচ চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৫০ রান করে ফেরেন টাকার। ষষ্ঠ উইকেটে জর্জ ডকরেলের সঙ্গে ১৭ বলে ৪৯ রানের জুটিতে দলকে ভালো সংগ্রহ এনে দেন ডেলানি।
তিনটি করে চার ও ছক্কায় ডেলানি করেন ৩২ বলে ৪৯ রান। ১০ বলে ১৯ রানের ক্যামিও খেলেন ডকরেল।
জাসপ্রিত বুমরাহকে বিশ্রামে রেখে এই সফরে যাওয়া ভারতের সফলতম বোলার হার্শিত রানা, ২৪ রানে ৩ উইকেট নেন তিনি। আর্শদিপ ও আকসার প্যাটেলের শিকার ২টি করে উইকেট।
আড়াই বছর পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে চার ওভারে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন প্রাসিধ কৃষ্ণা। ২০২৩ সালের নভেম্বরে সবশেষ ম্যাচটিতে ৬৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। দুই ম্যাচে ১২৫ রান- টানা দুটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো বোলারের সর্বোচ্চ রান দেওয়ার নজির এটিই।
রান তাড়ায় দ্বিতীয় ওভারেই সাঞ্জু স্যামসনকে হারায় ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেটের দেখা পান মুন্দ্রা।
আরেক ওপেনার আভিশেক শার্মা ঝড় তোলেন। প্রথম তিন ওভারে ভারতের ৪৫ রানের মধ্যে তিনি একাই করেন ১১ বলে ৩৮। তবে অন্য প্রান্তে ভারত উইকেট হারায় নিয়মিত।
স্যামসনের মতো ইশান কিষান ও শ্রেয়াসও দুই অঙ্কে যেতে পারেননি। এই দুজনকে পরপর দুই ওভারে ফেরান হলার্ড।
ফিফটির দুয়ারে গিয়ে বিদায় নেন আভিশেক। সাত চার ও দুই ছক্কায় ২০ বলে ৪৯ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান।
চার দিন আগে ভারতের স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে রান তাড়ায় ৫৬ বলে ১৩৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা তিলাক ভার্মা এ দিন ২১ বলে করতে পারেন কেবল ১৯ রান।
ওয়াশিংটন সুন্দারও টিকতে পারেননি। ১০০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। শিভাম দুবের ২৫ ও আকসারের ১৫ রানের সুবাদে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে সফরকারীরা।
একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে আগামী রোববার। আয়ারল্যান্ডের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮২/৯ (টিম টেক্টর ১৭, অ্যাডায়ার ১২, হ্যারি টেক্টর ০, টাকার ৫০, কালিৎজ ১৫, ডেলানি ৪৯, ডকরেল ১৯, ম্যাককার্থি ৭, হামফ্রিজ ২, মুন্দ্রা ২*; আর্শদিপ ৪-০-২৮-২, হার্শিত ৪-০-২৪-৩, প্রাসিধ ৪-০-৫৭-০, দুবে ৩-০-১৮-১, আকসার ৪-০-৩৩-২, ওয়াশিংটন ১-০-১৯-০)
ভারত: ১৮.৫ ওভারে ১৪৮ (আভিশেক ৪৯, স্যামসন ৫, কিষান ১, শ্রেয়াস ৩, তিলাক ১৯, ওয়াশিংটন ৯, দুবে ২৫, হার্শিত ৮, আর্শদিপ ২, প্রাসিধ ১*; হামফ্রিজ ৩.৫-০-৩৮-৩, মুন্দ্রা ৪-০-২৫-২, ম্যাককার্থি ৩-০-২৯-১, হলার্ড ৪-০-২৮-৩, হ্যারি টেক্টর ৩-০-২২-০, ডেলানি ১-০-৩-১)
ফল: আয়ারল্যান্ড ৩৪ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আয়ারল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: ম্যাট হলার্ড