নুরুলের মতো ক্রিকেটার পেয়ে রোমাঞ্চিত মাশরাফি
প্রথম ম্যাচে উইকেটের সামনে-পেছনে নুরুল হাসানের পারফরম্যান্সে খুশি মাশরাফি বিন মুর্তজা। এমন কার্যকর ক্রিকেটার পেয়ে ‘রোমাঞ্চিত’ বাংলাদেশ অধিনায়ক।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের একটু দূরে, দৌলতপুরে বাসা নুরুল হাসানের। যে মাঠে খেলে বেড়ে উঠেছেন, সেই মাঠেই আন্তর্জাতিক অভিষেক হলো শুক্রবার। নজরও কাড়তে পেরেছেন অভিষেক ম্যাচে।
একটি ডিসমিসালও নেই, স্কোরকার্ড বলতে পারছে না, এই ম্যাচে উইকেটের পেছনে কতটা সপ্রতিভ ছিলেন নুরুল। অভিষেকের আগেই অনেকে তাকে মনে করতেন দেশের সেরা উইকেটকিপার। সেটির প্রমাণ প্রথম ম্যাচে রেখেছেনও নুরুল। সরাসরি থ্রোতে একটি রান আউট করেছেন, দেখিয়েছেন দারুণ ‘রিফ্লেক্স’ ও অনুমান ক্ষমতা, মাশরাফির বলে কিপিং করেছেন স্টাম্পস ঘেঁষে। সবচেয়ে বেশি নজর কেড়েছেন উইকেটের পেছনে চনমনে ও প্রাণবন্ত উপস্থিতিতে।
ব্যাট হাতে নেমেছিলেন একদম শেষ দিকে। সেখানে ছোট্ট উপস্থিতিতেও নিজের কাজটুকু করেছেন। অপরাজিত ছিলেন ৫ বলে ৭ রানে। অষ্টাদশ ওভারে ব্রায়ান ভিটরির বলে স্কুপ করে চার মেরে কমিয়েছিল রান-বলের টানাপোড়েন।
৪ উইকেটে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে মাশরাফিও প্রশংসা করলেন নুরুলের।
“ওর কাজ যেটি, সেটি ভালোভাবেই করতে পেরেছে। সাকিব ছিল উইকেটে, সোহানের (নুরুল) কাজ ছিল স্ট্রাইক রোটেট করা, পারলে মাঝেমধ্যে একটি-দুটি চার মারা। সেটা সে পেরেছে।”
মাশরাফির সবচেয়ে ভালো লেগেছে, চাপের মধ্যেও নুরুলের নির্ভার থাকতে পারার সামর্থ্য।
“টি-টোয়েন্টি ফরম্যাটে রিল্যাক্সড থাকাটা খুব গুরুত্বপূর্ণ। ওকে দেখে মনে হয়েছে, খুব রিল্যাক্সড ছিল। প্রথম ম্যাচেই বিচার করা কঠিন, তবে শুরুটা বেশ ভালো। এই ধরনের একজন ক্রিকেটার পেয়ে আমি রোমাঞ্চিত।”
নুরুলের কিপিংয়ের কথাও আলাদা করে বললেন অধিনায়ক।
“কিপিং তো অসাধারণ করেছে সে। দারুণ রিল্যাক্সড ছিল। সামনে এসে কিপিং করেছে। কম বয়সে সুযোগ পেয়েছে, এখন অবশ্যই এই তাড়না ওর আছে যে মাঠে ছুটোছুটি করবে, বা সবাইকে সক্রিয় রাখবে। এই ব্যাপারগুলি ওর কাছ থেকে আমরা আশা করি। ওকে এজন্যই দলে নেওয়া হয়েছে। ওর শক্তির জায়গাগুলোতে সে আজ পুরোপুরি ঠিক ছিল।”
