শুভাগতকে বোলিং না করানো ‘বড় ভুল’
শুভাগত হোমকে ঠিকভাবে ব্যবহার করতে না পারায় ম্যাচ শেষে আক্ষেপ করেছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কের মতে, এই অলরাউন্ডারকে দিয়ে বোলিং না করানো ছিল বড় ভুল।
গত বছরের মাঝামাঝি পর্যন্ত দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত চরিত্র ছিলেন শুভাগত হোম। টানা ব্যর্থতার পর খেলানো হচ্ছিল একের পর এক টেস্ট ম্যাচ। শেষ পর্যন্ত দলে জায়গাও হারান তিনি। তবে বাদ পড়ার পর ‘এ’ দলে ও পরে বিপিএলের পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয় এই অফ স্পিনিং অলরাউন্ডারকে।
এই দফায়ও প্রথম ম্যাচে ব্যর্থ শুভাগত-পরীক্ষা। বাংলাদেশের জয়ে শুভাগতর অবদান সামান্যই। তার হাতে বলই তুলে দেননি অধিনায়ক। ব্যাটিংয়ে নামানো হয়েছিল চার নম্বরে, তবে আউট হয়েছেন ৭ বলে ৬ রান করে।
তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি দায়টা তুলে নিলেন নিজের ঘাড়েই।
“শুভাগতকে একাদশে নেওয়া হয়েছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু ম্যাচের পরিস্থিতির কারণে বোলিং করাতে পারিনি। ওকে বোলিং করানো উচিত ছিল, এটা আমার ভুল হয়ে গেছে। বোলিংয়ে আনতে পারতাম ওকে, কিন্তু ওই সময় মনে হচ্ছিল রিয়াদ ও সাব্বির কার্যকর হবে। এটা বড় ভুল ছিল।”
অধিনায়ক জানালেন, বোলিং না দেওয়াতেই পরে ব্যাটিং অর্ডারে ওপরে তুলে আনা হয় শুভাগতকে।
“শুভাগতকে ঠিকভাবে ব্যবহার করতে পারিনি। বোলিংটা দেখতে পারিনি বলেই ব্যাটিং দেখার জন্য ওকে চারে নামানো হয়েছিল। নইলে রিয়াদ চারে খেলত। তবে মাত্র একটা ম্যাচই গেল। কাজেই দেখার সুযোগ আরও আসবে।”
