‘ফ্লেক্সিবল’ রাখা হবে ব্যাটসম্যান সাকিবকে
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ‘ফিনিশার’ -এর ভূমিকায় সফল সাকিব আল হাসান। তবে এটিই চূড়ান্ত নয়, দলের চাওয়া অনুযায়ী নানা সময়ে বদলে যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের ব্যাটিং অর্ডার।
এমনিতে টি-টোয়েন্টিতে তিনে ব্যাটিং করতেই বেশি পছন্দ সাকিবের। সেটি না হলে অন্তত চারে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৬ বার ব্যাট করেছেন তিনে, ১৪ বার চারে, ৮ বার পাঁচে। ৬ নম্বরে ব্যাট করলেন শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম।
নতুন পজিশনে, নতুন ভূমিকায় সফল তিনি প্রথম ম্যাচেই। শুক্রবার বাংলাদেশের জয়ে বড় ভুমিকা ছিল সাকিবের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসটির। শেষ দিকে দলকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে তার ১৩ বলে ২০ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফির কণ্ঠেও ছিল ‘ফিনিশার’ সাকিবের জন্য উচ্ছ্বসিত প্রশংসা।
“একটা বড় সিদ্ধান্ত ছিল সাকিবকে ৬ নম্বরে ব্যাট করানো। মূলত একজন অভিজ্ঞ ব্যাটসম্যান শেষ দিকে রাখা এবং প্রয়োজনের সময় ঠাণ্ডা মাথায় রান তাড়া করতে পারার ভাবনাতেই ওকে ছয়ে নামানোর পরিকল্পনা করা হয়। আজকে পরিস্থিতি ছিল ঠিক সেরকম এবং সাকিব সেটা পেরেছে দারুণভাবে।”
সাকিবের মত সিনিয়র একজন ক্রিকেটারের ব্যাটিং অর্ডারে এত বড় পরিবর্তন করার সিদ্ধান্ত অবশ্যই সহজ ছিল না। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যানও সাকিব। দারুণ সফল তিন নম্বরে; ১৬ ইনিংসে ৫ অর্ধশতকে ৫১৯ রান করেছেন ৩৭.০৭ গড় ও ১২৯.৪২ স্ট্রাইক রেটে।
তবে ৪ উইকেটে জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি জানালেন, টিম ম্যানেজমেন্ট ভেবেছে দলের প্রয়োজনের কথাই।
“সাকিবের মত ক্রিকেটারের জন্য কঠিন এখানে ব্যাট করা। আমাদের দলের সবচেয়ে সফল ব্যাটসম্যানও সে। কিন্ত দলের ভালোর জন্যই ওকে ছয়ে নামানো হয়েছে। সাকিবকে সবসময় ফ্লেক্সিবল রাখা যায়, কারণ সে সেই ধরনেরই ক্রিকেটার। সব জায়গায় মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে।”
