জয়ের ধরনে সন্তুষ্ট নন অধিনায়ক
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয়টা স্বস্তি দিয়েছে মাশরাফি বিন মুর্তজাকে। তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নন অধিনায়ক।
প্রথম টি-টোয়েন্টিতে শুক্রবার জিম্বাবুয়েকে ৪ উইকটে হারিয়েছে বাংলাদেশ। জয়টা সহজে আসেনি। ব্যাটিংয়ে শতরানের উদ্বোধনী জুটি পেয়েছিল জিম্বাবুয়ে। রান তাড়ায়ও নিয়মিত উইকেট হারিয়ে নিজেদের কাজটা কঠিন করে তুলেছিল বাংলাদেশ। বোলিং-ব্যাটিং-ফিল্ডিংয়ে অনেক মুহূর্তেই কিছুটা খাপছাড়া মনে হয়েছে দলকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেগুলো উল্লেখ করে অতৃপ্তির কথা জানালেন অধিনায়কও।
“সব মিলিয়ে আমরা ‘আপ টু দা মার্ক’ ছিলাম না। বোলিংয়ে শুরুর দিকে আরও ভালো করতে হবে। সামনে আরও বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে। ব্যাটিংয়ে প্রথমে ওই রান আউট; পরে মাঝে মুশফিক ও সাব্বির যদি না আউট হত, তাহলে ১৭-১৮ ওভারেই খেলা শেষ হয়ে যেত।”
তবে জয়ের স্বস্তির পাশাপাশি আরও কয়েকটি ব্যাপার স্বস্তি দিয়েছে মাশরাফিকে। অধিনায়ক তাই আশাবাদী সামনের পথচলা নিয়ে।
“রান তাড়ায় শেষের দিকে আমরা আতঙ্কিত হইনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে দেখা গেছে, আমরা আতঙ্কিত হয়ে আউট হয়েছি। বড় রান তাড়া করলাম আজকে, এই আত্মবিশ্বাসও থাকবে। সবমিলিয়ে পারফরম্যান্স নিখুঁত ছিল না। তবে আমরা গুছিয়ে নিতে পারব বলে আশা করি।”
