জয়ের স্বস্তিতে শুরু বাংলাদেশের
ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকরা এগিয়ে গেছে চার ম্যাচের এই সিরিজে।
হ্যামিল্টন মাসাকাদজার রেকর্ড গড়া ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রান করেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ লক্ষ্য টপকে যায় ৮ বল বাকি থাকতেই।
ম্যাচ জুড়ে বাংলাদেশের পারফরম্যান্স অবশ্য দাপুটে ছিল না। ব্যাটে-বলে অনেক সময়ই দলকে মনে হয়েছে খাপছাড়া। তবে শেষ পর্যন্ত সঙ্গী হয়েছে জয়ের স্বস্তি।
শেষ পর্যন্ত জয়টা যতটা সহজে ধরা দিয়েছে, ম্যাচ শেষের খানিক আগেও ততটা সহজ ছিল না হিসাব। শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৩৮ রান, হাতে ছিল ৫ উইকেট। দুই দলেরই তখন প্রায় সমান সম্ভাবনা। কিন্তু দলের প্রয়োজনের দারুণ কার্যকরি এক ইনিংস খেললেন সাকিব। শেষ দিকে ব্রায়ান ভিটরি ও লুক জঙ্গুয়ের দুটি ওয়াইড বলে বাউন্ডারি ত্বরান্বিত করে বাংলাদেশের জয়।
বাংলাদেশের ইনিংসে অর্ধশত ছিল না একটিও। ৩৬ বলে ৪৬ করে সর্বোচ্চ রান সাব্বির রহমানের। রান পেয়েছেন তামিম-মুশফিক। শেষ দিকে ১৩ বলে অপরাজিত ২০ রান করছেন সাকিব।
রান তাড়ায় দ্রুতগতিতেই শুরু করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। সম্ভাবনাময় এই জুটি শেষ হয় দুই ব্যাটসম্যানের দৃষ্টিকটু ভুল বোঝাবুঝিতে। দুজন এক প্রান্তে এসে পড়ায় রান আউট হন সৌম্য (৭)।
দারুণ খেলতে থাকা তামিমকে নিজের প্রথম ওভারেই ফেরান গ্রায়েম ক্রেমার। ২৪ বলে ২৯ রানের ইনিংসের পথে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শততম ছক্কাটি মারেন বাঁহাতি এই ওপেনার।
তিনে নেমে দলের রানের চাকা সচল রাখেন সাব্বির। তবে শুভাগত হোমকে (৬) চারে নামানোর ফাটকা কাজে লাগেনি প্রথম ম্যাচে। মুশফিকুর রহিম শুরু থেকেই খেলছিনে দারুণ। কিন্তু কাজটা শেষ করে আসতে পারেননি তিনিও (১৯ বলে ২৬)।
রান-বলের টানাপোড়েনের মাঝে মাহমুদউল্লাহর একটি ছক্কা এগিয়ে নেয় দলকে। তবে আউট তিনি পরের বলেই (৭)।
শেষ পর্যন্ত সাকিবের ব্যাটেই বৈতরণী পার বাংলাদেশ। ৭ রানে ছোট্ট অপরাজিত ইনিংসেও চাপের মাঝে শক্ত স্নায়ুর প্রমাণ রাখেন অভিষিক্ত নুরুল হাসান।
নুরুল এর আগে উইকেটের পেছনে দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যারন্স। তবে ম্যাচের প্রথম ভাগটি ছিল মাসাকাদজার। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ইনিংসের নিজের রেকর্ডই স্পর্শ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
ভুসি সিবান্দাকে নিয়ে গড়েছিলেস শতরানের উদ্বোধনী জুটি। জিম্বাবুয়ে হাতছানি ছিল আরও বড় স্কোরের। কিন্তু শেষ দিকে বোলারদের দারুণ বোলিংয়ে কিছুটা ফিরে আসে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে পারে জিম্বাবুয়ে। শেষ দুই ওভারে জোড়া উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
শেষে পথ হারানোর আগে জিম্বাবুয়েকে বড় স্কোরের পথে রেখেছিলেন মাসাকাদজা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের ফর্ম বয়ে আনলেন বাংলাদেশেও। গত নভেম্বরে বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল থেকে বাদ পড়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পরে আফগানিস্তান সিরিজে দলে ফিরে বইয়ে দিয়েছেন রানের জোয়ার। ৪ ওয়ানডে খেলে করেছিলেন সিরিজের সর্বোচ্চ ২৬৬ রান, দুই টি-টোয়েন্টিতে করেছিলেন ৩৩ ও ৬৩। এবার আরও ছাড়িয়ে গেলেন নিজেকে।
ইনিংসের তৃতীয় ওভারেই মাশরাফিকে তিনটি চার মেরে ইঙ্গিতটা দিয়েছিলেন মাসাকাদজা। সময় যত গড়িয়েছে, ততই ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের বোলারদের ওপর। আরেক প্রান্তে দলে ফেরা ভুসি সিবান্দাও দারুণ সঙ্গ দিয়েছেন মাসাকাদজাকে। দুজনে গড়েন রেকর্ড ১০১ রানের জুটি।
জিম্বাবুয়ে হয়ে এটিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ওপেনিং জুটি। আগের সেরা ছিল গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে চামু চিবাবা ও সিকান্দার রাজার ১০০। লং অনে সৌম্য সরকারের ক্যাচ মিসে ছক্কা হজম করার পরের বলেই সিবান্দাকে (৩৯ বলে ৪৬) ফিরিয়ে এই জুটি ভেঙেছেন সাকিব।
দারুণ এই শুরুটাকে কাজে লাগাতে পারেননি জিম্বাবুয়ের পরের ব্যাটসম্যানরা। দুই ওপেনারের পর তিনে নামা ম্যালকম ওয়ালার (১৪) ছাড়া দুঅঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। বলতে গেলে একাই দলকে টেনেছেন মাসাকাদজা। ৩৪ বলে ছুঁয়েছিলেন অর্ধশতক।
শেষ পর্যন্ত ৫৩ বলে ৭৯ রান করে মাসাকাদজা আউট হয়েছেন অভিষিক্ত উইকেটকিপার নুরুল হাসানের দুর্দান্ত সরাসরি থ্রোতে। শেষ ওভারে পিটার মুরের ছক্কার পরও জিম্বাবুয়ে আটকে যায় ১৬৩ রানে।
শেষ ৫ ওভারের আগে ইনিংস জুড়ে বাংলাদেশের বোলিং ছিল সাদামাটা, ফিল্ডিংও ছিল হতাশাজনক। শতরানের ওপেনিং জুটি ভাঙলেও ৪ ওভারে ৪৫ রান গুণেছেন সাকিব। টি-টোয়েন্টিতে যেটি তার সবচেয়ে খরুচে বোলিং, ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে দিয়েছিলেন ৪০ রান। ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য অধিনায়ক মাশরাফি।
৪ ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ, ২৪ রান দিয়ে দুটি আল আমিন হোসেন।
৪৪ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম কিপিং করেননি না মুশফিকুর রহিম; তবে ব্যাট হাতে যথারীতি রেখেছেন অবদান। বোলিংয়ের হতাশা ব্যাটিংয়ে কিছুটা পুষিয়ে দিয়েছেন সাকিব। শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিভরা দর্শক তাই মাঠ ছেড়েছে জয়ের হাসিতে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬৩/৭ (সিবান্দা ৪৬, হ্যামিল্টন ৭৯, ওয়ালার ১৪, রাজা ৬, চিগুম্বুরা ৩, জঙ্গুয়ে ০, উইলিয়ামস ২, মুর ৭*; মুস্তাফিজ ২/১২, আল-আমিন ২/২৪, সাকিব ১/৪৫)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৬৬/৬ (তামিম ২৯, সৌম্য ৭, সাব্বির ৪৬, শুভাগত ৬, মুশফিক ২৬, সাকিব ২০*, মাহমুদউল্লাহ ৭, হাসান ৭*; ক্রেমার ২/৩২, উইলিয়ামস ১/২২, শিঙ্গিরাই ১/২৫, জঙ্গুয়ে ১/৪৫)
ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: হ্যামিল্টন মাসাকাদজা।
