১৫ রানের আক্ষেপ মাসাকাদজার
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে বিশাল সংগ্রহের পথে রেখেছিল উদ্বোধনী জুটি। কিন্তু অন্য ব্যাটসম্যানরা সেই ভিত কাজে লাগাতে পারেননি। ম্যাচ সেরা হ্যামিল্টন মাসাকাদজা মনে করছেন, বাংলাদেশকে ১৮০ রানের লক্ষ্য দিতে পারলে চিত্রটা ভিন্ন হত।
শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সিবান্দার সঙ্গে ১০১ রানের জুটিতে জিম্বাবুয়েকে উড়ন্ত সূচনা এনে দেন মাসাকাদজা। সিবান্দার বিদায়ে ভাঙে ১২ ওভার স্থায়ী বিপজ্জনক হয়ে উঠা এই জুটি।
সিবান্দার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সংগ্রহ আর ততটা বড় হয়নি অতিথিদের। শেষ ১৩ রানে তুলতেই পাঁচ উইকেট হারায় তারা।
ম্যাচ সেরা মাসাকাদজা সংবাদ সম্মেলনে জানান, যেমন শুরু তারা পেয়েছিলেন তাতে অন্তত ১৮০ রান করা উচিত ছিল, “আমার মনে হয়, আমরা ১৫-২০ রান কম করেছি।”
এক সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫০ রান। সেখান থেকে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৩ রান করে এল্টন চিগুম্বুরার দলটি।
ধরা ছোঁয়ার মধ্যে লক্ষ্য পাওয়া বাংলাদেশ জেতে ৮ বল হাতে রেখে। ৪ উইকেটে হারের পর ব্যাটিংকেই দুষলেন ৫৩ বলে ৭৯ রান করা মাসাকাদজা।
“আমার মনে হয়, আমরা যদি ১৮০ রানের লক্ষ্য দিতাম তাহলে সেটা বড় পার্থক্য গড়ে দিতে পারত। তাই আমার মনে হয়, এই হারে বোলিংয়ের চেয়ে ব্যাটিংয়ের দায় বেশি।”
