টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক খেলবে বাংলাদেশ
টি-টোয়েন্টি ক্রিকেটে রক্ষণের কোনো জায়গা দেখেন না মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক মনে করছেন, পুরোটা সময় আক্রমণাত্মক ক্রিকেট খেলে যেতে হয়।
আগামী শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ইতিবাচক খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই সংস্করণেও সাফল্য পাওয়া সম্ভব।
“টি-টোয়েন্টি এমন খেলা যে, আগে থেকে অনুমানের কোনো সুযোগ নেই। এক/দুইটা উইকেট পড়ে গেলে বা যে কোনো কিছু হলে, বড় দল-ছোট দলের পার্থক্য কমে আসে। এখানে সবসময় আক্রমণে থাকতে হয়, রক্ষণের জায়গা নেই।”
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে নেতিবাচক কোনো ভাবনা মনে আনতে চান না। ওয়ানডেতে জয়ের ধারায় থাকার আত্মবিশ্বাস এই সংস্করণেও কাজে লাগাতে চান তিনি।
“আমরা ভালো খেলছি। সেটা যদি ধরে রাখতে পারি, পরিকল্পনা যেমন থাকে সেসব যদি বাস্তবায়ন করতে পারি, আশা করি, কোনো সমস্যা হবে না।”
