লিটনের উদাহরণ দিয়ে মাশরাফির বার্তা
প্রথম দুই ওয়ানডেতে রান না পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে রাখা হয়েছিল লিটন দাসকে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, কাউকে দলে নিয়ে পর্যাপ্ত সুযোগ দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে চান তারা।
জিম্বাবুয়ে সিরিজের ৩ ওয়ানডেতে লিটন দাসের রান যথাক্রমে ০, ৭ ও ১৭। গত জুনে ভারত সিরিজে অভিষিক্ত এই তরুণ ৯ ওয়ানডেতে সব মিলিয়ে করেছেন ১২৪ রান, গড় ১৫.৫০।
শুক্রবার শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলেও আছেন লিটন। বৃহস্পতিবার টিম হোটেলে অধিনায়কের সংবাদ সম্মেলনে উঠল লিটনের প্রসঙ্গ। মাশরাফি জানালেন, ঘরোয়া ক্রিকেটে রানের রেকর্ড গড়া এই তরুণকে দিয়েই একটা বার্তা দিতে চান তারা।
“এটি বার্তা অবশ্যই। বার্তাটা শুধু লিটন বা অন্য কাউকে ব্যক্তিগতভাবে না। এটি আসলে একটি সংস্কৃতি গড়ে তোলা। আমরা টেস্ট ক্রিকেটে এখনও ধুঁকছি কেন? কারণ ১৫ বছরে অনেক বেশি ক্রিকেটার খেলিয়েছি আমরা। কাউকে দলে এনে আবার সরিয়ে ফেললে তার প্রতি ন্যায়বিচার হয় না। একজন ক্রিকেটারদের দলে নিলে তাকে পর্যাপ্ত সুযোগ দেওয়ার সংস্কৃতি গড়তে চাই আমরা।”
শুধু লিটন নয়, এই সুযোগটা সবাই পাবে, আশ্বাস অধিনায়কের।
“আমি চাই, সবার ক্ষেত্রেই এই নিয়ম থাকবে। বাংলাদেশ দলে নেওয়া মানে ক্লাব ক্রিকেট নয়। নেওয়া মানে তার ওপর বিশ্বাস আছে আমাদের। আন্তর্জাতিক ক্রিকেট তো আসলে অনেক কঠিন। চাপও অনেক বেশি। একজন ক্রিকেটারকে নিজেকে প্রমাণের যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া উচিত।”
অতীতে তো বটেই, গত কিছুদিনেও বেশ কজন পাননি এতটা সুযোগ। রনি তালুকদার না খেলেই বাদ পড়েছেন। ওয়ানডেতে যথেষ্ট সুযোগ পাননি মুমিনুল হকও।
দায়টা মেনে নিয়েই ব্যখ্যা দিলেন মাশরাফি।
“আসলে এই সংস্কৃতি তৈরি করা খুব কঠিন। বিশেষ করে আমাদের বাস্তবতা ও পারিপার্শ্বিকতায় আরও কঠিন। কিন্তু সংস্কৃতিটা গড়তে পারলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে। সবার ক্ষেত্রে হয়ত হয়নি, বা ভবিষ্যতেও সবসময় করা সম্ভব হবে না। তবে বেশির ভাগ ক্ষেত্রেই হবে, এই আশা করতে পারি।”
