মুস্তাফিজের নতুন অস্ত্রে রোমাঞ্চিত মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ভেতরে ঢোকা বলে চামু চিবাবাকে বোল্ড করেছেন মুস্তাফিজুর রহমান। মাশরাফি বিন মুর্তজার বিশ্বাস, এই ডেলিভারি পুরোপুরি আয়ত্ত করতে পারলে আরও কঠিন হবে মুস্তাফিজকে খেলা।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই মুস্তাফিজ আলোড়ন তুলেছেন দুর্বোধ্য অফ কাটার দিয়ে। ডানহাতি ব্যাটসম্যানের জন্য অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বল ও আউটসুইঙ্গার তার সহজাত ডেলিভারি। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দেখালেন নতুন চমক। ভেতরে ঢোকা সুইঙ্গিং ডেলিভারিতে বোল্ড করলেন চামু চিবাবাকে! ভেতরে ঢোকা সত্যিকারের সুইঙ্গিং ডেলিভারিতে এটাই মুস্তাফিজের প্রথম আন্তর্জাতিক উইকেট।
ওয়াসিম আকরাম, চামিন্ডা ভাস, জহির খান- ক্রিকেটের সব গ্রেট বাঁহাতি পেসারের মূল অস্ত্র ছিল ভেতরে ঢোকা বলই। আউটসুইঙ্গারের সঙ্গে এটাও যোগ হলে সেই বোলারকে পড়া কঠিন। মুস্তাফিজ গত কিছুদিন ধরেই কাজ করছেন এই ডেলিভারি নিয়ে।
সিরিজ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বললেন, এই উইকেট আত্মবিশ্বাস বাড়াবে মুস্তাফিজের।
“এখনও ওর কেবলই শুরু, খালি শিখছে এই ডেলিভারি। নেটে অনুশীলন করছে। এই সিরিজে এটা পরখ করে নেওয়ার খুব ভালো সুযোগ ছিল। আজকে এবং আগের ম্যাচেও কয়েকটা চারও হজম করেছে এই ডেলিভারি করতে গিয়ে। শিখতে গেলে এ রকম হতেই পারে। আজকে এই ডেলিভারিতে উইকেট পেয়েছে, এতে ওর আত্মবিশ্বাস বাড়বে।”
মাশরাফির বিশ্বাস, এই ডেলিভারি পুরোপুরি আয়ত্ত করতে পারলে আরও বিধ্বংসী হয়ে উঠবেন মুস্তাফিজ।
“ওর এমনিতেই যে অস্ত্রগুলো আছে, যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্য খুব কঠিন। এখন বল ভেতরে আনার চেষ্টা যেটা করছে, পুরোপুরি করতে পারলে ওকে খেলা আরও কঠিন হবে।”
