সাকিব থাকলে বিশ্রাম নিতেন মাশরাফি
সিরিজের মাঝপথে সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে যুক্তরাষ্ট্রে ফিরতে না হলে জিম্বাবুয়ে সিরিজে দু-একটি ম্যাচ বিশ্রাম নিতেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শতভাগ ‘ফিট’ না হয়েই জিম্বাবুয়ে সিরিজে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। কিছু দিন আগেই ডেঙ্গু কাটিয়ে ফিরেছেন হাসপাতাল থেকে, যার প্রভাবে শারীরিক দুর্বলতা রয়ে গেছে। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছিলেন, শতভাগ ফিট না হয়েও ঝুঁকি নিয়ে মাঠে নামবেন দেশের খেলা বলেই।
সে সময় মাশরাফির ভাবনা ছিল, প্রথম দুই ম্যাচেই ওয়ানডে সিরিজ জিতে গেলে বিশ্রাম নেবেন শেষ ম্যাচে। কিন্তু প্রথম ওয়ানডের পরই প্রথম সন্তানের মুখ দেখতে উড়াল দিলেন সাকিব। সহ-অধিনায়ক নেই, অধিনায়কও বিশ্রামে গেলে নেতৃত্বের সঙ্কট তৈরি হয়। মাশরাফি খেললেন তাই পুরো সিরিজই।
বৃহস্পতিবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানালেন, টি-টোয়েন্টি সিরিজেও তার বিশ্রাম নেওয়ার সম্ভবনা কম।
“সত্যি কথা বলতে, সাকিব থাকলে হয়ত শেষ ওয়ানডে আমি বিশ্রাম নিতে পারতাম। সাকিব যেহেতু নাই, আমাকে খেলতে হয়েছে। শারীরিক অবস্থা…যাই হোক, সামলে নিচ্ছি। প্রথম টি-টোয়েন্টি আমি অবশ্যই খেলছি।”
