২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে চোখ রেখে নামছে বাংলাদেশ

সবচেয়ে ছোটো সংস্করণের ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না মেলায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের পরীক্ষার মঞ্চ। প্রথম লক্ষ্য স্বাভাবিকভাবেই জয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আর সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়াও কম গুরুত্বপূর্ণ নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 09:53 PM

Updated : 12 Oct 2022, 04:26 PM

পুরনো খবর:

মাশরাফির প্রথম লক্ষ্য সেরা ‘কম্বিনেশন’
সাকিব থাকলে বিশ্রাম নিতেন মাশরাফি
এক লাফে ২৫ ধাপ এগোলেন মুস্তাফিজ
মুস্তাফিজের নতুন অস্ত্রে রোমাঞ্চিত মাশরাফি
তিন পেসারে ফিরবে বাংলাদেশ?
লিটনের উদাহরণ দিয়ে মাশরাফির বার্তা
টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক খেলবে বাংলাদেশ
জিম্বাবুয়েকে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বিকাল ৫টায়।

আগামী বছর টি-টোয়েন্টির এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার আগে জিম্বাবুয়ের এই সিরিজকে ভালো প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক মাশরাফি।

“আমাদের প্রথম লক্ষ্য, আমার মতে সেরা কম্বিনেশনটা বের করা। কারণ, এরপর কিছু খেলে কম্বিনেশন ঠিক করার কোনো সুযোগ আমাদের নেই। জেতা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ কম্বিনেশন ঠিক করতে পারা, সঠিক জায়গায় সঠিক ক্রিকেটার খেলানো। তার জন্য এই দুটি ম্যাচ খুব সঠিক সময়ে এসেছে।”

বাংলাদেশ দলের মূল ভাবনা সঠিক একাদশ খুঁজে পাওয়া। মাশরাফি একই সঙ্গে সেরা ১৫ জন ঠিক করে রাখার পক্ষে। সেক্ষেত্রে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারবেন সবাইকে। সাকিব আল হাসান, সৌম্য সরকার, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের অনুপস্থিতিতে সেই সুযোগ পেয়েও গেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ দুই টি-টোয়েন্টিতে দুই পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তার আগের সিরিজে তিন পেসার নিয়ে খেলেছিল তারা। অধিনায়ক আবার তিন পেসার নিয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন।

শেষ দুই ওয়ানডেতে খেলা একাদশই দেখা যেতে পারে প্রথম টি-টোয়েন্টিতে। ওয়ানডে সিরিজে খুব একটা ভালো না করলেও একাদশে থেকে যেতে পারেন লিটন দাস। অধিনায়ক মাশরাফি জানান, কাউকে দলে আনা হলে তাকে যতটা সম্ভব সুযোগ দেওয়া সংস্কৃতি গড়তে চান তারা।

ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনা হলে দলে ফিরতে পারেন এনামুল হক। লেগ স্পিনার জুবায়ের হোসেন ও কামরুল ইসলাম রাব্বিকে বাইরেই থাকতে হতে পারে।

ওয়ানডে সিরিজে সব ম্যাচ হারা জিম্বাবুয়ে ঘুরে দাঁড়াতে চায় টি-টোয়েন্টিতে। বাংলাদেশের বিপক্ষে এর আগে তিনটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে তারা।

জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যানদের কাছ থেকে সামর্থ্যের সেরাটা চেয়েছেন। তিনি মনে করেন, এই সিরিজে ব্যাটিংই পার্থক্য গড়ে দেবে।

“আমরা যেভাবে ব্যাটিং করছি, তাতে আমি পরিবর্তন চাই। আমি ব্যাটিংয়ে আরও উন্নতি চাই।”

বাংলাদেশের মতো জিম্বাবুয়েও টি-টোয়েন্টিতে নিজেদের সেরা কম্বিনেশন খুঁজছে। রিচমন্ড মুতুমবামি চোট পাওয়ায় বাড়তি কোনো ব্যাটসম্যান নেই অতিথি দলে। বোলাররা এখন পর্যন্ত ভালো করায় জিম্বাবুয়ের একাদশেও পরিবর্তন আসার সম্ভাবনা কম।