মাশরাফির প্রথম লক্ষ্য সেরা ‘কম্বিনেশন’
ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততেও প্রত্যয়ী বাংলাদেশ। তবে মাশরাফি বিন মুর্তজার প্রথম লক্ষ্য টি-টোয়েন্টির জন্য সেরা সমন্বয় বের করা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুরুটা আশা জাগানিয়া হলেও পরে এই সংস্করণের গতির সঙ্গে তাল মেলাতে পারেনি বাংলাদেশ। এখনও ক্রিকেটাররা বুঝে উঠতে পারেনি টি-টোয়েন্টির ভাষা।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতেই বসছে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। এর পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে। শুক্রবার জিম্বাবুয়ে সিরিজ দিয়েই এক রকম শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি।
বৃহস্পতিবার টিম হোটেলে সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা জানালেন, দল গোছানোর ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ তার কাছে।
“আমার মতে আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত, সেরা কম্বিনেশনটা বের করা। কারণ এই সিরিজের পর আমাদের এই সুযোগটা নাই যে কিছু খেলে কম্বিনেশন তৈরি করা যাবে। জয় অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ কম্বিনেশন ঠিক করতে পারা।”
কম্বিনেশন ঠিক করার পেছনে কোন কোন ভাবনা কাজ করবে, সেটারও একটা ধারণা দিলেন অধিনায়ক।
“আমরা আলেচনা করছি কাকে কোথায় ব্যবহার করা যায়। সাকিব থাকলে কাজ আরও সহজ হতো। টপ অর্ডারে বিজয় আছে, লিটন-ইমরুল আছে। এমনকি সাব্বিরকেও খেলানো যায়। টি-টোয়েন্টিতে ছয় নম্বরে এমন এক জন ব্যাটসম্যান প্রয়োজন, যে কিনা ২০ বলে ৪০ দরকার হলে করে ফেলবে। সব কিছু মাথায় রেখেই কম্বিনেশন করতে হবে।”
শুধু একাদশ নয়, মাশরাফির কম্বিনেশন ভাবনায় থাকবে পুরো স্কোয়াডই।
“১৫ জনকেই বের করা জরুরি। যাতে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারি। এমন নয় যে আমরা একটা ম্যাচ জিতেই আছি, সেই জয়ী কম্বিনেশন নিয়ে নামব। ১৫ জনের দিকেই চোখ রাখতে হবে যেন প্রতিপক্ষের শক্তি-দু্র্বলতা ভেবে যেন একাদশ সাজাতে পারি।”
