১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রুমানাকে ডেকে নিয়ে ‘আচরণবিধি’ মনে করিয়ে দিল বিসিবি

সামাজিক মাধ্যমে রহস্যজনক পোস্ট দেওয়ার পর অভিজ্ঞ এই অলরাউন্ডারের সঙ্গে বৈঠকে তার কথা শুনল বিসিবি, সতর্কও করে দেওয়া হলো তাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 07:05 PM

Updated : 10 Aug 2023, 07:05 PM

দুই সিরিজ ধরে জাতীয় দলের বাইরে রুমানা আহমেদ। তার জায়গা হয়নি সামনের ফিটনেস ক্যাম্পেও। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পোস্ট দেন, “নো মোর ক্রিকেট…।” সেই লেখার জের ধরে এবার তাকে ডেকে নিল বিসিবি। বৈঠকে তার কথা যেমন শুনল তারা, তেমনি অভিজ্ঞ অলরাউন্ডারকে মনে করিয়ে দেওয়া হলো আচরণবিধির বিষয়টিও।

মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার রুমানার সঙ্গে বৈঠকে বসেন বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি ও নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। ফেইসবুক পাতায় রুমানার তিন শব্দের কৌতূহল জাগানো পোস্টের সূত্র ধরেই মূলত এই আলোচনা।

গত মে মাসে শ্রীলঙ্কা সফরের পর ঘরের মাঠে সবশেষ ভারত সিরিজের দলেও ছিলেন না রুমানা। ৩২ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডারকে এখন রাখা হয়নি ফিটনেস ক্যাম্পের ২৬ জনের দলেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শফিউল বলেন, ফেইসবুকে ওই লেখার কারণেই মূলত রুমানাকে ডেকে নেন তারা।

“রুমানার ফেইসবুক স্ট্যাটাস আসলে... আমরা সবসময় ক্রিকেটারদের সঙ্গে নমনীয় থেকে যে কোনো বিষয়ে আলোচনা করি। এগুলো বোর্ডের ‘কোড অব কন্ডাক্ট’-এর বিষয়ও। তাদেরকে মাঝেমধ্যে এগুলো মনে করিয়ে দেই। তারা তো চুক্তিবদ্ধ ক্রিকেটার। খুব সহজেই নারী বিভাগ, নির্বাচক, কোচ, আমি বা বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলতে পারে। সব কিছু তো সামাজিক মাধ্যমে দেওয়া যায় না।”

কৌতূহল জাগানো ফেইসবুক পোস্ট সম্পর্কে তখন কিছু বলতে রাজি হননি রুমানা। সেখানে অবসরের প্রচ্ছন্ন ইঙ্গিত থাকলেও জাতীয় দলের হয়ে ১৩৪টি ম্যাচ খেলা অলরাউন্ডার বোর্ডের সঙ্গে বৈঠকে তেমন কিছু বলেননি বলে জানালেন শফিউল।

“অবসর সম্পর্কিত কোনো কিছু আমাদের বলেনি সে। তার কিছু প্রশ্ন ছিল, আমরা শুনেছি। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিছু অভ্যন্তরীণ বিষয় তো থাকেই। সব কিছু সবার মন মতো হয় না অনেক সময়। দলের প্রয়োজনে কোচ, নির্বাচকের অনেক কিছু ভাবতে হয়। সব কিছু মিলেই আসলে সিদ্ধান্ত নেওয়া হয়।” 

“রুমানার কিছু প্রশ্ন ছিল। তার কথা শুনেছি আমরা। সবসময়ই তাদের সমর্থন দেই আমরা। কোনো সমস্যা হলে দেখার চেষ্টা করি। সে ক্যাম্পে নেই মানে এমন নয় যে, একেবারে বাদ পড়ে গেল। ফেরার সুযোগ তো সবসময়ই থাকে। তাকে (রুমানা) আশ্বস্ত করেছি আমরা। কোচ, নির্বাচকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।”

বোর্ডের সঙ্গে এই বৈঠকের ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি রুমানা।

সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয় তার। গত বছর ৮ ওয়ানডে খেলে তার উইকেট কেবল ৫টি, রান করেছেন ৮ ইনিংস মিলিয়ে ৭০। টি-টোয়েন্টিতে ২০১৯ সালে একটি ফিফটির পর টানা ২০ ইনিংসে আর পঞ্চাশ ছুঁতে পারেননি। সবশেষ ১০ ইনিংসের ৭টিতেই আউট হয়েছেন দু অঙ্ক ছোঁয়ার আগে। এই সংস্করণে সবশেষ ১৫ ইনিংসে তার উইকেট ১৫টি।

গত মে-জুন মাসে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স মোটামুটি ভালো হলেও দারুণ কিছু ছিল না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে সাত ইনিংসে দুই ফিফটিসহ ৩৬.৪০ গড়ে করেন ১৮২ রান। লেগ স্পিনে ওভারপ্রতি স্রেফ ২.৭০ রান খরচায় তিনি ধরেন ১১ শিকার।

আগামী সোমবার সিলেটে শুরু হবে নিগার সুলতানা, নাহিদা আক্তারদের ফিটনেস ক্যাম্প। মঙ্গলবার থেকে চলছে মেডিকেল পরীক্ষা। সবশেষ সিরিজের দলে না থাকলেও এই ক্যাম্পে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।