নয় হাজার রাইডার নিয়ে রয়্যাল এনফিল্ডের ‘রাইড ফর স্মাইলস’
‘এ রাইড, এ স্মাইল, এ মেমোরি ফরেভার’ ভাবনাকে সামনে রেখে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে যাত্রা শুরু করে রাইডারদের এ বহর।
বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের ‘ক্লাসিক ৩৫০’ মডেলের মোটরসাইকেলের নয় হাজারের বেশি রাইডারের মাইলফলক অর্জন ঘিরে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ।
শনিবার ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইলস’ শীর্ষক এক আনন্দযাত্রায় অংশ নেন ৫০ জন রাইডার।
‘এ রাইড, এ স্মাইল, এ মেমোরি ফরেভার’ ভাবনাকে সামনে রেখে রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে যাত্রা শুরু করে রাইডারদের এ বহর। গন্তব্য ছিল শিশু কল্যাণ সংস্থা ‘এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ’।
সেখানে পৌঁছে রাইডাররা শিশুদের সঙ্গে বিভিন্ন খেলাধুলা, বিনোদন ও সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হন। শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস কিট ও উপহার বিতরণ, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক বিশেষ ক্লাসের আয়োজন করা হয়।
ইভেন্টে অংশ নেওয়া এক রাইডার বলেন, "আজকের রাইডটি আমার কাছে বিশেষ। কারণ শুধু রাইডের আনন্দই নয়, শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরেছি। তাদের সঙ্গে সময় কাটানো এবং মুখে হাসি ফোটাতে পারাটাই আজকের সবচেয়ে বড় অভিজ্ঞতা।"
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, "বাংলাদেশে ৯ হাজার ক্লাসিক ৩৫০ রাইডারের মাইলফলক আমাদের জন্য এক বিশেষ অর্জন। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। রাইডার কমিউনিটির এই আনন্দকে আরও অর্থবহ করে তুলতেই শিশুদের মুখে হাসি ফোটানোর এমন উদ্যোগ নেওয়া হয়েছে।"
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, "শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা ও সুরক্ষার পাশাপাশি খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ডের এই উদ্যোগ শিশুদের জন্য একটি সুন্দর ও আনন্দময় দিন উপহার দিয়েছে।"
১৯৭২ সাল থেকে বাংলাদেশে অভিভাবকহীন ও ঝুঁকিতে থাকা শিশুদের যত্ন, শিক্ষা ও বিকাশে কাজ করে আসছে এসওএস চিলড্রেনস ভিলেজেস। শিশু কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিতে সংস্থাটি ২০২৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'স্বাধীনতা পুরস্কার' পায়।
