কোভিড: দেশে শনাক্ত ৮২ রোগী, ঢাকায় একজনের মৃত্যু
একই সময়ে ১১৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন।
দেশে গত একদিনে আরও ৮২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে ঢাকায় একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১৪৪টি নমুনা পরীক্ষা করে এই ৮২ জন রোগী শনাক্ত হয়।
এতে দিনে শনাক্তের হার ৭ দশমিক ১৭ শতাংশ; আগের দিন এই হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ১৩১ জন। এই সময়ে আরও একজনের মৃত্যু হওয়ায় তা ২৯ হাজার ৪৫৯ জনে দাঁড়িয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ৫৪ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৭৪ জনই ঢাকার; এছাড়া কক্সবাজারে আরও পাঁচজন, সিলেটে দুজন এবং বরগুনাতে একজন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
