২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভারমেকটিন কোভিড রোগীদের ঝুঁকি কমায় না: গবেষণা

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় পরজীবীনাশক ওষুধ আইভারমেকটিনের কার্যকারিতার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন গবেষকেরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2022, 12:09 PM

Updated : 02 Aug 2022, 03:15 PM

বুধবার প্রকাশিত এক গবেষণার ক্লিনিক্যাল পর্যায়ের ফলাফল থেকে দেখা যাচ্ছে, কোভিড-১৯ এর জটিলতা প্রশমনে এ ওষুধ কোনো বাড়তি ভূমিকা রাখে না।

মানুষ ও প্রাণীদেহে পরজীবীর সংক্রমণ সারাতে বিশ্বজুড়ে বহু বছর ধরেই অত্যন্ত কার্যকর ও নিরাপদ ওষুধ হিসেবে বিবেচিত এই আইভারমেকটিন। তুলনামূলকভাবে কম দামি এই ওষুধ বাংলাদেশেও সহজলভ্য।

কিন্তু মহামারীকালে ওষুধটি কোভিড চিকিৎসায় ব্যবহারের পক্ষে কথা বলে আসছিলেন কেউ কেউ, যদিও এর পেছনে কোনো ভালো গবেষণা ছিল না। 

বুধবার প্রকাশিত নতুন গবেষণাপত্রটির লেখকরা জানিয়েছেন, ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত এক হাজার ৩০০ জনের ওপর তারা এ সমীক্ষা চালিয়েছেন। তাতে কোভিড-১৯ এর চিকিৎসায় এ ওষুধের কোনো প্রভাব দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. ডেভিড বোলওয়্যার বলেন, “আসলেই কোনো সুবিধা পাওয়ার কোনো ধরনের লক্ষণ ধরা পড়েনি।”

গবেষকেররা গত অগাস্টে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ আয়োজিত সম্মেলনে অনলাইনে তাদের এই ফলাফলের একটি সারসংক্ষেপ উপস্থাপন করেছিলেন। তবে ওই গবেষণার পুরো ফলাফল এখন প্রকাশ করা হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে।

ড. বোলওয়্যার বলেন, “মানুষ এখন গবেষণার তথ্যউপাত্ত ও বিস্তারিত বিষয়াদি জানতে পারবে, আশা করা যায় বেশিরভাগ চিকিৎসকই আইভারমেকটিককে অন্য কোনো চিকিৎসায় ব্যবহারের জন্য সরিয়ে রাখবেন।”

মহামারীর শুরুর দিকে যখন কোভিডের কোনো ওষুধ তৈরি হয়নি, চিকিৎসক এবং গবেষকেরা পুরানো বিভিন্ন ওষুধ ব্যবহার করে রোগ উপশমের চেষ্টা করে যাচ্ছিলেন। সে সময় খবর আসে, আইভারমেকটিন করোনাভাইরাসকে আটকাতে পারে বলে ধারণা পাওয়া গেছে এক ল্যাবরেটরি গবেষণায়।

কিছু চিকিৎসক তখন কোভিড-১৯ এর চিকিৎসায় আইভারমেকটিন সেবনের পরামর্শ দিতে শুরু করেন। যদিও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওই ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দেয় যে এ ধরনের ব্যবহারের জন্য ওষুধটির অনুমোদন দেওয়া হয়নি।

ওষুধটি কোভিড-১৯ এর বিরুদ্ধে আদৌ কাজ করছে কিনা জানতে বিশ্বজুড়ে গবেষকেরা ছোট আকারে ক্লিনিক্যাল পরীক্ষা চালান। ২০২০ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লিভারপুলের একজন ভাইরাস বিশেষজ্ঞ অ্যানড্রু হিল ২৩ জনের ওপর চালানো একটি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন এবং উপসংহারে আসেন যে আইভারমেকটিন কোভিড-১৯ এ আক্রান্তের মৃত্যুঝুঁকি কমিয়ে দেয়।

ওই সময়ে একটি প্রেজেন্টেশনে অ্যানড্রু হিল দাবি করেছিলেন, আরও বিস্তৃত পরিসরের গবেষণা যদি এই ফলাফলকে নিশ্চিত করতে পারে তাহলে, “এটা আসলেই একটি যুগান্তকারী চিকিৎসা হয়ে উঠতে পারে।”

মহামারী দ্বিতীয় বছরে আইভারমেকটিনের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। অগাস্টে শুধু একটি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের বীমা কোম্পানিগুলো আইভারমেকটিনের চিকিৎসা বাবদ ২৪ লাখ ডলার খরচ করে।

তবে অ্যান্ড্র হিল তার গবেষণা প্রকাশের পরপরই জানা যায়, তার গবেষণায় ব্যবহৃত অনেকগুলো উপাত্তই ত্রুটিযুক্ত ছিল এবং একটিতে কারচুপিও করা হয়েছিল। পরে হিল তার মূল গবেষণাপত্র প্রত্যাহার করেন এবং নতুন করে গবেষণা শুরু করেন যেটা জানুয়ারিতে প্রকাশিত হয়।

এই দ্বিতীয় পর্যালোচনায় হিল ও তার সহকর্মীরা গবেষণার নিরপেক্ষতা রক্ষায় অনেক বেশি জোর দিয়েছেন। তাদের ওই কঠোর জরিপের ফলাফলে আইভারমেকটিনের সেই সুবিধা উধাও হয়ে যায়।

ব্রাজিলের গবেষণায়, গবেষকেরা একটি ক্লিনিক্যাল ট্র্যায়ালের ব্যবস্থা করেন, যেখানে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের আইভারমেকটিনসহ কয়েকটি ওষুধ সেবন করতে দেওয়া হয়। এ গবেষণায় চিকিৎসা পদ্ধতিও অত্যন্ত নিরপেক্ষ রাখা হয়। অর্থাৎ রোগী ও চিকিৎসা কর্মীদের কেউই জানতেন না, তাদের কোভিড-১৯ এর ওষুধ দেওয়া হচ্ছে না, প্লাসেবো দেওয়া হচ্ছে।

২০২০ সালের মার্চ থেকে অগাস্টের মধ্যে গবেষকেরা ৬৭৯ জন রোগীকে আইভারমেকটিন সেবন করতে দেন তিন দিনের কোর্স হিসেবে। ফলাফল অত্যন্ত স্পষ্ট: আইভারমেকটিন সেবনে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমেনি।

রয়টার্স জানিয়েছে, কোভিড-১৯ এর চিকিৎসায় আইভারমেকটিনের কার্যকারিতা নিয়ে আরও গবেষণা চলমান এবং সেগুলোর ফলও এখনও প্রকাশিত হয়নি।

তবে ওইসব গবেষণার ফল যে খুব ভিন্ন হবে বলে মনে করছেন না ড. বোলওয়্যারের। তিনি বলেন, তারা যে বিস্তৃত পরিসরে এবং নিয়মতান্ত্রিকভাবে গবেষণাটি করেছেন, সেটার বিবেচনায় বলা যায়, একই মানের গবেষণার ক্ষেত্রে ফল আলাদা হওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন

আইভারমেকটিন: ভ্রান্ত বিজ্ঞান থেকে কোভিডের ‘যাদুকরী’ ওষুধ  

আইভারমেকটিনের পরীক্ষামূলক গবেষণা করছে আইসিডিডিআর,বি  

কোভিড-১৯ চিকিৎসায় আইভারমেকটিন সত্যিই কাজ করে?