২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইভারমেকটিনের পরীক্ষামূলক গবেষণা করছে আইসিডিডিআর,বি

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় পরজীবীনাশক ওষুধ আইভারমেকটিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন বা শুধু আইভারমেকটিন ব্যবহারের কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইয়ে গবেষণা শুরু করেছে আইসিডিডিআর,বি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2020, 01:31 AM

Updated : 18 Aug 2022, 03:14 PM

বুধবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে সেখানকার প্রাপ্তবয়স্ক রোগীদের ওপর এই ওষুধ প্রয়োগ করে গবেষণাটি পরিচালনা করা হবে।

আইভারমেকটিন পরজীবীর সংক্রমণ সারাতে বিশ্বজুড়ে অত্যন্ত কার্যকর ও নিরাপদ ওষুধ হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদিত আইভারমেকটিন ১৯৮০ সাল থেকে পরজীবীজনিত সংক্রমণ রোধে ব্যবহৃত হয়ে আসছে। তুলনামূলকভাবে কম দামি এই ওষুধ বাংলাদেশে সহজলভ্য।

করোনাভাইরাসের চিকিৎসায় এই ওষুধের কার্যকারিতার কথা আলোচনায় আসে গত মাসে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসকের কাছ থেকে। ওই হাসপাতালের কয়েকজন ইন্টার্ন চিকিৎসকসহ একদল স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের ওপর পরীক্ষামূলকভাবে আইভারমেকটিন প্রয়োগ করে দারুণ ফল পাওয়ার কথা জানান তারা।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ওই চিকিৎসকদের ভাষ্য মতে, আইভারমেকটিন ভাইরাসের সংখ্যাবৃদ্ধিতে বাধা দেয়। আইভারমেকটিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন প্রয়োগ করে তারা দেখেছেন, কোভিড-১৯ রোগীদের উপসর্গগুলো তিন দিনের মধ্যে ৫০ শতাংশ কমে গেছে।

আইসিডিডিআর,বি জানিয়েছে, ঢাকার চারটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের ৭২ জন রোগীর ওপর এই দুটি ওষুধ প্রয়োগ করে তার ফলাফল পর্যালোচনার ভিত্তিতে এই গবেষণা করা হবে। ইতোমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের কার্যক্রম শুরু হয়েছে। বাকি হাসপাতালগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।

কোভিড-১৯ চিকিৎসায় আইভারমেকটিন সত্যিই কাজ করে?  

এ গবেষণায় আর্থিক সহায়তা দিচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আগামী দুই মাসের মধ্যে এই গবেষণা শেষ হবে বলে আশা করছে আইসিডিডিআর,বি।

গবেষণার উদ্দেশ্য সম্পর্কে আইসিডিডিআর,বি বলছে, আইভারমেকটিনের সঙ্গে ডক্সিসাইক্লিন অথবা শুধু আইভারমেকটিনের চিকিৎসা দিয়ে ভাইরাসের সংক্রমণ কমার হার এবং জ্বর ও কাশি কমতে কত দিন লাগে সে সম্পর্কে ধারণা নেওয়া এই গবেষণার উদ্দেশ্য। এছাড়া এই গবেষণার মাধ্যমে অক্সিজেনের প্রয়োজনীয়তার পরিবর্তন, অক্সিজেন দেওয়ার পরও রোগী কেন ৮৮ শতাংশের বেশি অক্সিজেন স্যাচুরেশন ধরে রাখতে পারে না, রোগীদের অক্সিজেন সরবরাহ ও হাসপাতালে ভর্তি থাকার দিনের সংখ্যায় পরিবর্তন এবং এ রোগে আক্রান্তদের মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে।

আইসিডিডিআর,বির এই গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ড. ওয়াসিফ আলী খান বলেন, সার্স সিওভি-২ নামের নতুন এই করোনাভাইরাসের দ্রুত বিস্তারের কারণে এর বিরুদ্ধে কার্যকর একটি অ্যান্টিভাইরাল ওষুধ খুঁজে বের করা প্রয়োজন।

“দুর্ভাগ্যবশত, আমাদের কাছে কোভিড-১৯ এর চিকিৎসা করার মতো কোনো ওষুধ নেই। এ ধরনের ওষুধ আবিষ্কার হতে কয়েক দশক লেগে যেতে পারে। তাই আমাদের এমন ওষুধ খুঁজে বের করা প্রয়োজন, যা বাজারে সহজলভ্য, যার ওপর যথেষ্টভাবে গবেষণা করা হয়েছে, যার পার্শ্ব-প্রতিক্রিয়া কম এবং যা জীবন বাঁচাতে সক্ষম।”

স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এই ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে যুক্ত আছেন বলে জানিয়েছে আইসিডিডিআর,বি।

কোভিড-১৯ আক্রান্ত ৪০ থেকে ৬৫ বছর বয়সীদের ওপর এই গবেষণা চালানো হবে। গবেষণায় ব্যবহৃত ওষুধ দুটির প্রতি অ্যালার্জি ছাড়াও হৃদরোগ, কিডনি ও লিভারের সমস্যা আছে এবং গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান এমন নারীদের এখানে অন্তর্ভুক্ত করা হবে না।

আইসিডিডিআর,বি বলছে, পরীক্ষাটি দৈবচয়নভিত্তিক এবং ডাবল ব্লাইন্ড প্লাসিবো নিয়ন্ত্রিত হবে। প্লাসিবো পদ্ধতিতে রোগী জানতে পারে না তাকে কী ওষুধ দেওয়া হয়েছে। এটা কার্যকর কি না তাও জানতে পারে না। ফলে এটি পরীক্ষার ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলে না।

গবেষণার আওতায় থাকা একটি দলের রোগীরা এক ডোজ আইভারমেকটিনের সঙ্গে পাঁচ দিন ডক্সিসাইক্লিন পাবেন। আরেকটি দলের রোগীরা পাঁচ দিন ধরে প্রতিদিন শুধু একটি করে আইভারমেকটিন পাবেন। তৃতীয় দল পাঁচ দিন প্রতিদিন একটি করে প্লাসিবো পাবেন।

গবেষণার আওতায় থাকা রোগী এবং চিকিৎসকরা কেউ জানবেন না কোন রোগী কোন চিকিৎসা পাচ্ছেন।