কোভিড: ৭৭ রোগী শনাক্ত, জামালপুরে ১ জনের মৃত্যু
পঞ্চাশোর্ধ যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনি জামালপুরের বাসিন্দা।
দেশে গত এক দিনে আরও ৭৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে মৃত্যু হয়েছে একজনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৪০৯টি নমুনা পরীক্ষা করে ওই ৭৭ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ২০ শতাংশ; আগের দিন তা ৫ দশমিক ৬৪ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৬৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ৬ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫৭ জনই ঢাকার। এর বাইরে সিলেটে ৫ জন; কক্সবাজারে ৪ জন; নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, পাবনায় ২ জন করে এবং গাজীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জয়পুরহাটে ১ জন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে।
পঞ্চাশোর্ধ যে পুরুষের মৃত্যু হয়েছে, তিনি জামালপুরের বাসিন্দা। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত এক সপ্তাহে দেশে ৩৯৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৫.৩ শতাংশ কম।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
