বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন
সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিল্পোদ্যোক্তারা অংশ নেন।
বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-বিইউএফটিতে সপ্তম টেক্সটাইল গবেষণা সম্মেলন হয়েছে।
ঢাকার তুরাগের নিশাতনগরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে শনিবার ‘বিইউএফটি–ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক ও শিল্পোদ্যোক্তারা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বস্ত্রবর্জ্য পুনর্ব্যবহার, টেকসই উপকরণ, পোশাক উৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, স্মার্ট টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং বস্ত্র রপ্তানিতে পরিবেশগত বিধিবিধান পরিপালন নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হয়।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাকিস্তানের ন্যাশনাল টেক্সটাইল ইউনিভার্সিটির হাফসা জামশেদ এবং চীনের চেংদু ছিংগং পলিটেকনিক ইউনিভার্সিটির নিহং পাং। তাদের বক্তব্যে আন্তর্জাতিক পর্যায়ে বস্ত্র ও পোশাকশিল্পের গবেষণা এবং প্রযুক্তিগত অগ্রগতির বিভিন্ন দিক উঠে আসে।
বিইউএফটির মনোনীত উপাচার্য আইয়ুব নবী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী।
সম্মেলনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন মোহাম্মদ রুবাইয়াত চৌধুরী এবং উদ্বোধনী বক্তব্য দেন যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটির টেক্সটাইল প্রোগ্রাম লিডার ও ক্রিস্যাটের প্রতিষ্ঠাতা আবু সাদাত এম সায়েম।
অন্যদের মধ্যে মিলেনিয়াম অর্গানিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এঅ্যান্ডই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আরেফিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সেস অনুষদের ডিন আবদুল জলিল উপস্থিত ছিলেন।
সম্মেলনে ‘ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক’ এবং ‘পাঁচ মিনিট রিসার্চ’ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে নির্বাচিতরা তাদের উদ্ভাবনী ধারণা ও গবেষণা তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
