শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলের ভাড়া কমানোর আহ্বান ঢাবি উপাচার্যের
সোমবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে টিএসসি স্টেশন থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল ভ্রমণ করেন উপাচার্য।
শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থীকে নিয়ে টিএসসি স্টেশন থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল ভ্রমণ করেন উপাচার্য।
পরে দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা জানি এটি একটি ব্যয়বহুল প্রকল্প। তারপরও মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমাদের একটি আবেদন থাকল যে, আমাদের শিক্ষার্থীরা যাতে মেট্রোরেলের সুবিধা ভোগ করতে পারে, তাই তাদের জন্য যেন একটি কনসেশনের ব্যবস্থা করেন।”
উপাচার্য বলেন, “মেট্রোরেল রাজধানীবাসীর দ্রুত ও আরামদায়ক যোগাযোগের ক্ষেত্রে এক মাইলফলক। কর্মজীবী মানুষের যাতায়াত সহজ হওয়ায় শ্রম ও সময় সাশ্রয় হচ্ছে। ফলে কর্মক্ষেত্রে তারা সর্বাধিক সেবা প্রদান করতে পারছেন। এছাড়া মেট্রোরেলে যাতায়াতের ফলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের প্রবণতা কমছে এবং এতে করে জীবাশ্ম জ্বালানির ব্যবহারও কমার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, নীল দলের আহ্বায়ক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।
অনুষ্ঠান সঞ্চালন করেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রহিম।
