১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবিলম্বে ডাকসু নির্বাচনের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

শিক্ষার্থীদের সমস্যা নিরসনে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

বিডিনিউজ২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 09:58 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কার করে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বুধবার এক সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সামি আবদুল্লাহ বলেন, “আমরা একটি বিপ্লবের মধ্যে যাওয়ার পরও আমাদের যে আকাঙ্ক্ষা, সেটি এখন পর্যন্ত পূরণ হয়নি। ৫ অগাস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন পদে পরিবর্তন আসে। এরপর বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিলেও ডাকসুর বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

“এখন পর্যন্ত হলে আবাসন সংকট থেকে শুরু করে বিভাগগুলো সমস্যা রয়ে গেছে। আমরা চাই শিক্ষার্থীর সমস্যা নিরসনে ডাকসুর গঠনতন্ত্রে ক্ষমতা কাঠামো সংস্কার করে অবিলম্বে যেন ডাকসু নির্বাচন দেওয়া হয়।”

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি নুজিয়া হাসিন রাশা বলেন, “কেবল পাঁচ বছর পর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে শুধু গণতন্ত্র কায়েম হয় না। একটা দেশে গণতন্ত্র আনতে শিল্প-কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠানে গণতন্ত্র চর্চার থাকার পাশাপাশি প্রতিনিধি নির্বাচন থাকতে হয়।

“স্বৈরাচার এরশাদের পর ডাকসু নির্বাচন বন্ধ হয় যায়, বিগত ১৫ বছরে কোনো সুষ্ঠু ডাকসু নির্বাচন নেই। সবশেষ ২০১৯ সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেটিও প্রশ্নবিদ্ধ। যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্বাচন না হয়, গণতন্ত্র কখনোই ফিরবে না।”

নুজিয়া হাসিন বলেন, “প্রতিনিয়তই বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আমরা তোমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি। কিন্তু কারা এই প্রতিনিধি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা কি আমাদের প্রতিনিধি? তাদের কি আমরা নির্বাচিত করেছি?”

সমাবেশে ইসরাত জাহান ইমুসহ বিপ্লবী ছাত্র মৈত্রীর কয়েক নেতা বক্তব্য দেন।