Published : 26 Jul 2026, 12:41 PM
গবেষণা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাদাং (ইইএনপি) এর ফ্যাকাল্টি অব ম্যাথেমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেসের সঙ্গে চুক্তিব্ধ হয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (এএসএইউবি)।
শনিবার এএসএইউবি এর ক্যাম্পাসে এ চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আশা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
সেখানে বলা হয়, এ চুক্তির আওতায় যৌথ গবেষণা ও প্রকাশনা, আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্স আয়োজন, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, পাবলিক লেকচার, ইন্টার্নশিপ এবং সমন্বিত ফিল্ড স্টাডির মত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে ইইএনপিতে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের একজন শিক্ষার্থীকে মাস্টার্স অথবা পিএইচডি পর্যায়ে সম্পূর্ণ বৃত্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এএসএইউবি এর উপাচার্য অধ্যাপক এস এম রেজাউল করিম ও ইইএনপি এর ডিন অধ্যাপক ইউলকিফলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
আগামী পাঁচ বছরের জন্য কার্যকর এই সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষা, উদ্ভাবনী গবেষণা, কমিউনিটি সার্ভিস, মানসম্পন্ন মানবসম্পদ উন্নয়ন এবং একাডেমিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক মহিবুল আহসান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক হাচিব মোহাম্মদ তুসার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।