১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘তোমরা সবকিছু উৎসর্গ করলে, আমি ব্যর্থ হলাম’: ভারতে নিট পরীক্ষার্থীর আত্মহত্যা

পরিবার জানায়, মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় কম নম্বর পাওয়ার পর থেকে চরম মানসিক হতাশায় ভোগা অঙ্কিতার ঘরে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

‘তোমরা সবকিছু উৎসর্গ করলে, আমি ব্যর্থ হলাম’: ভারতে নিট পরীক্ষার্থীর আত্মহত্যা
ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 01:07 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় (নিট) প্রত্যাশিত নম্বর না পাওয়ায় ভারতের মহারাষ্ট্রের অহিল্যানগর জেলায় এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। 

শনিবার বিকেলে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে। এই শিক্ষার্থীর নাম অঙ্কিতা সাংলে। তিনি অহিল্যানগর জেলার জালালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। 

পরিবার জানায়, নিট পরীক্ষায় মাত্র ১৬৬ নম্বর পাওয়ার পর থেকে তিনি চরম মানসিক হতাশায় ভুগছিলেন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি হাতে লেখা চিঠি উদ্ধার করেছে। মারাঠি ভাষায় লেখা ওই চিরকুটে পরিবারের উদ্দেশে অঙ্কিতা লিখেছেন, “তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ, কিন্তু আমি তোমাদের একটা ইচ্ছাও পূরণ করতে পারলাম না।

“মা, তুমি প্রতিটি বিপদে বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছ। দাদা, তুমিও আমাকে অনেক সমর্থন করেছ, এমনকি মা-বাবার চেয়েও আমাকে বেশি ভালোবেসেছ। আমার এই আত্মহত্যার জন্য তোমরা কেউ দায়ী নও।”

পরিবারের ত্যাগের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, “আমি যখন নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তোমরা আমার জন্য সবকিছু উৎসর্গ করেছ। অথচ আমি ব্যর্থ হলাম, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। দাদা, দয়া করে মা-বাবার যত্ন নিও। তাদের যেন কোনো অভাব না হয়।”

ঘটনার পর স্থানীয় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। চিরকুটটি আলামত হিসেবে জব্দ করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।