Published : 26 Jul 2026, 12:38 PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর এমিরেটাস, মানারাত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য চৌধুরী মাহমুদ হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ভালো ছাত্র হলেই হবে না, ভালো মানুষও হতে হবে। ভালো ছাত্র হয়েও যদি দেশ ও জাতির কোনো উপকারে আসতে না পারো, তাহলে সেই ভালো ছাত্র হওয়ার কোনো মূল্য নেই।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, ট্রেজারার মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মিজানুর রহমান।