১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওমানের শ্রমবাজার: কর্মী ভিসা চালুর অপেক্ষায় প্রবাসীরা

১৩ ক্যাটাগরিতে ভিসা খুললেও সাধারণ শ্রমিক সংকটে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো।

ওমানের শ্রমবাজার: কর্মী ভিসা চালুর অপেক্ষায় প্রবাসীরা
ছবি: টাইমস অফ ওমান।

বিডিনিউজ২৪

পলাশ শীল, ওমান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2026, 09:02 AM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ওমানে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ও অর্ধদক্ষ ক্যাটাগরির কর্মভিসা পুনরায় পূর্ণাঙ্গভাবে চালুর অপেক্ষায় দিন গুনছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রায় ৩ বছর ধরে আরোপিত বিধিনিষেধের ফলে দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা কমেছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে।

২০২৩ সালের ৩১ অক্টোবর থেকে ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কর্মভিসা ইস্যুতে সীমাবদ্ধতা কার্যকর করে। তবে দ্বিপাক্ষিক আলোচনার প্রেক্ষিতে ২০২৪ সালের জুন মাসে চিকিৎসক, নার্স, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষক ও বিনিয়োগকারীসহ ১৩টি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালু করা হয়। 

এর ফলে পেশাজীবীদের জন্য সুযোগ তৈরি হলেও সাধারণ শ্রমিক, বিশেষ করে নির্মাণ, কৃষি ও সেবা খাতের কর্মীদের জন্য নতুন ভিসা এখনো বন্ধ রয়েছে।

প্রবাসী ব্যবসায়ীদের মতে, নতুন কর্মী নিয়োগে বাধা থাকায় রেস্তোরাঁ, সুপারমার্কেট, সেলুন, কৃষি এবং পরিবহন খাতে জনবল সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত দক্ষ কর্মী না থাকায় অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠানের শাখা সম্প্রসারণ করতে পারছেন না।

আল বারাকা গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ জানান, তাদের অধীনে ১১টি হাইপারমার্কেট ও একটি ফোর-স্টার হোটেল পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “কর্মী সংকটের কারণে আমাদের পরিকল্পিত নতুন শাখাগুলো খোলা সম্ভব হচ্ছে না। বাংলাদেশিদের জন্য কর্মভিসা পুনরায় উন্মুক্ত হলে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে আমরা সেবার মান আরও উন্নত করতে পারব।”

একই উদ্বেগের কথা জানান কৃষি উদ্যোক্তা নাজিম উদ্দিন। তার প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক কর্মী কাজ করছেন। তিনি মনে করেন, কৃষি খাতে দক্ষ জনবল নিয়োগের সুযোগ তৈরি হলে উৎপাদন বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণ সহজ হবে।

কিং জালান গ্রুপ ওমানের চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মান্নান বলেন, “ভিসা জটিলতা কাটলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ওমানে বাংলাদেশি বিনিয়োগের পরিধিও বাড়বে।”

ওমানে বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রদূত (বর্তমানে নৌবাহিনী প্রধান) ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত জুনে এক অনুষ্ঠানে ভিসা পরিস্থিতির ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, ওমান সরকারের উচ্চপর্যায়ে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ওমান কর্তৃপক্ষ এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক।

সাবেক রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের জন্য বর্তমানে ১৩টি ক্যাটাগরিতে ভিসা চালু আছে, যা আমাদের প্রতিবেশী অনেক দেশের ক্ষেত্রে পুরোপুরি বন্ধ। আমাদের মূল লক্ষ্য হলো বন্ধ থাকা অন্যান্য ক্যাটাগরিগুলো পুনরায় সচল করা। এ বিষয়ে ওমান সরকারের সঙ্গে মন্ত্রিপর্যায়ে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।”

প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, ঢাকা ও মাস্কটের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও জোরদার হবে। সাধারণ কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হলে তা ওমানের প্রবাসী অর্থনীতি এবং বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ উভয় ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি ওমান সরকারের নীতিগত অবস্থানের ওপরই নির্ভর করছে।