২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ পেল প্রাণ-আরএফএল

এ শিল্পগোষ্ঠী পুরস্কৃত হয়েছে ‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 09:01 PM

Updated : 03 Sep 2022, 09:01 PM

ব্যবসা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরীর হাতে এ পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর তিন শ্রেণিতে দুই প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। প্রাণ-আরএফএল গ্রুপ ‘এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

আহসান খান চৌধুরী বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপের লক্ষ্য হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি পূর্বক মানুষের মর্যাদা ও আত্মসম্মান বৃদ্ধি করা। আমরা এ উদ্দেশ্যকে সামনে রেখে অবিরামভাবে কাজ করে যাচ্ছি। এ স্বীকৃতি আমাদের সম্মুখ পানে এগিয়ে যেতে দারুণভাবে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, ডিএইচএল এক্সপ্রেস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আর এস সুব্রামানিয়ান, ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হকসহ পুরস্কৃত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।