১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জামালপুরের ‘সেই’ কৃষকের ক্যাপসিকাম কিনে নিল ‘স্বপ্ন’

‘ক্যাপসিকামের ব্যাপক ফলন, বিক্রি করতে না পেরে কাঁদছেন কৃষক’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এগিয়ে আসে স্বপ্ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2024, 04:35 PM

Updated : 10 Mar 2024, 04:35 PM

ক্ষেত ভরা তরতাজা ক্যাপসিকাম প্রথমবার চাষ করেছিলেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। চাহিদা না থাকায় বিক্রি করতে না পেরে হতাশা হয়ে পড়েছিলেন তিনি। তবে রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এ কৃষকের পাশে দাঁড়িয়েছে।

তরুণ এই কৃষকের ক্যাপসিকামগুলো অবশেষে বিক্রি হওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বপ্ন।

এতে বলা হয়, সম্প্রতি স্বপ্ন এর একটি দল ওই কৃষকের সঙ্গে কথা বলে সেদিনই ২৫০ কেজি ক্যাপসিক্যাম কিনে নেয় এবং পরের দিন বাকি সবগুলো কেনার বিষয়ে কথা হয়। এখন থেকে তার উৎপাদিত ক্যাপসিক্যাম চলে যাবে স্বপ্ন’র আউটলেটে।

এর আগে মার্চের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ‘ক্যাপসিকামের ব্যাপক ফলন, বিক্রি করতে না পেরে কাঁদছেন কৃষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি নজরে আসার পর প্রতিনিধির মাধ্যমে সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে স্বপ্ন।

দেশের সবচেয়ে বড় রিটেইল এ চেইন সুপারশপের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “আমরা ওই কৃষকের কথা জানতে পেরেছি নিউজের মাধ্যমে। এরপরই আমাদের টিম সেখানে পৌঁছে যায়। তার প্রোডাক্ট আমরা এরইমধ্যে কিনে নিয়েছি। কৃষকদের এই সংকটে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ‘স্বপ্ন’ । যেখানেই সংকট আর বিপর্যয় কৃষকের জন্য কাল, সেখানেই পৌঁছে যাবে ‘স্বপ্ন’।”

এ প্রসঙ্গে স্বপ্ন এর হেড অব পারচেজ সাজ্জাদুল হক বলেন, “সংকটটা ছিল ভিন্ন রকম। বিভিন্ন গণমাধ্যমে খবর দেখার পর আমরা সিদ্ধান্ত নেই যে, এই কৃষকদের পাশে আমরা দাঁড়াব। দুঃসময়ে কষ্টে থাকা অনেক কৃষকের পাশে ‘স্বপ্ন’ এর আগেও দাঁড়িয়েছে। সামনেও পাশে থাকবে।”

কৃষক হৃদয় হাসান বলেন, “জমি থেকে আজ ক্যাপসিকামগুলো বিক্রি করতে পেয়ে খুবই আনন্দ লাগছে।  গাছে আগে বেশি ক্যাপসিকাম ছিল, সে সময় বিক্রি না করতে পেরে অনেক ক্যাপসিকাম নষ্ট হয়েছে। আগে আমি বিক্রির জায়গা খুঁজে পাইনি।

“প্রতিটি গাছে তিন-চার কেজি করে ফল থাকার কথা ছিল কিন্তু সেটা নেই। এখন প্রতি গাছে এক কেজি মতো ক্যাপসিকাম রয়েছে। সেটা বিক্রি করতে পেরে ভালো লাগছে। স্বপ্নকে ধন্যবাদ দু:সময়ে আমার পাশে থাকার জন্য।”