১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘অসহায়’ দুই শিশুর পরিবারের পাশে স্বপ্ন

শিশু দুটির পরিবারকে সহায়তা হিসেবে একটি গাভী দেওয়ার কথা জানিয়েছে স্বপ্ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 10:54 PM

Updated : 14 Oct 2026, 10:54 PM

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়ানো দুই শিশুর পরিবারের দাঁড়ানোর কথা জানিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন।

শিশু দুটির পরিবারের সহায়তায় একটি গাভী দেওয়ার কথা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ সুপারশপ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ উদ্যোগের মাধ্যমে শিশু দুটির পরিবার যেন ভবিষ্যতে আয়ের একটি টেকসই উৎস গড়ে তুলতে পারে, সেই প্রচেষ্টা চালাবে স্বপ্ন।”

স্বপ্ন বলছে, গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুল সংলগ্ন সড়কের পাশে পাঁচ ও দেড় বছরের দুই বোনকে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ বছরের শিশুটির ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে সেখানে নিয়ে যান তাদের মা। এরপর তাদের একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় পরও মাকে ফিরে না পেয়ে অসহায় হয়ে পড়ে দুই শিশু।

“পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।”

এরপর শিশু দুটির পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় স্বপ্ন।