২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব

হোয়াটসঅ্যাপে আসা এক লিংক থেকে ফ্রি টিভি দেখার অ্যাপ ডাউনলোড করেছিলেন খাতুনগঞ্জের এক ব্যবসায়ী, সেটাই হয়েছে কাল।

ফিশিং লিংকের ফাঁদে ফোনের নিয়ন্ত্রণ বেহাত, খালি হচ্ছে ব্যাংক হিসাব

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 01:24 AM

Updated : 26 Nov 2026, 12:41 AM

সাব্বির রহমান (ছদ্মনাম) চট্টগ্রাম নগরীতে একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। ফেইসবুকে রিলস দেখার সময় অসাবধানতায় তার মোবাইলে একটি অ্যাপ ইনস্টল হয়ে যায়।

এর কয়েকদিন পর গত ২০ অক্টোবর হঠাৎ করেই তার মোবাইল ফোন আপনাআপনি আপডেট হতে শুরু করে। তারপর দেখা যায়, সাব্বিরের ঢাকা ব্যাংকের দুটি হিসাব ও ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে গেছে ৬ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা।

সাব্বির রহমান বলেন, অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলে আর্থিক সেবার অ্যাপ ব্যবহার করে এসব টাকা সরিয়ে নেওয়া হয়। সবশেষে তার কাছে আসা ব্যাংকের এসএমএসগুলোও মুছে দেওয়া হয়।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন সাব্বির। মামলাটি তদন্ত করছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম শাখা।

সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি এ ধরনের বেশকিছু মামলার তদন্ত করছেন তারা, যেগুলোর অভিযোগের ধরন প্রায় কাছাকাছি।

সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তাদের ভাষ্য, প্রতারিত ব্যক্তিদের সবাই বিভিন্ন অ্যাপ বা লিংক ডাউনলোড করেন কিংবা প্রলোভনে পড়ে অনলাইন জুয়ার সাইটে প্রবেশ করেন। এরপর তাদের মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হ্যাকাররা। এরপর সুবিধামত সময়ে ব্যাংক ও এমএফএস অ্যাপ থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা।

চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ কমিশনার শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই মাসে ১৮৮টি সিআর মামলা (আদালতে করা মামলা) ও ২৬টি জিআর মামলা (থানায় করা মামলা) এসেছে তাদের সাইবার ক্রাইম শাখায়। এর বেশিরভাগই আর্থিক প্রতারণার মামলা।

“বেশিরভাগ মানুষ এখন স্মার্ট ফোন ব্যবহার করেন। অনেকেই অনলাইনে কেনাকাটা ও টাকা পরিশোধ করে থাকেন। অনেকের কাছে লোভনীয় অফার দিয়ে বিভিন্ন এসএমএস আসে, সেগুলোতে ক্লিক করলেই মূলত মোবাইল ফোনের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের কাছে।

“হ্যাকাররা মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে, তাদের ব্যাংক অ্যাকাউন্টের এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ নজরদারিতে রাখে। পরে সুবিধামত সময়ে তারা টাকা হাতিয়ে নেয়। গভীর রাত কিংবা ব্যাংক ছুটির দিনে মূলত এসব টাকা সরিয়ে নেওয়া হয়।”

‘ফ্যাক্টরি রিসেট’ হয়ে মুছে যায় মোবাইলে আসা টাকা স্থানান্তরের সব এসএমএস

হ্যাকিংয়ের শিকার চট্টগ্রামের খাতুনগঞ্জের এক ব্যবসায়ী আদালতে মামলা করেছেন। তিনি বলছেন, গত ২৮ মার্চ তার হোয়াটসঅ্যাপ নম্বরে ‘এমবিটিভি’ অ্যাপের মাধ্যমে ফ্রি টিভি দেখার একটি লিংক আসে। সেটি ইনস্টল করার পরপরই তার কাছে মেসেজ আসে সিস্টেম আপডেটের।

এরপর ওই ব্যবসায়ীর ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঁচবারে ২ লাখ ৫০ হাজার টাকা, বিকাশ অ্যাপ থেকে ১৪ হাজার এবং ক্রেডিট কার্ড থেকে এক লাখ টাকা অন্য একটি ব্যাংকের হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাপ নগদ ও বিকাশের মাধ্যমে স্থানান্তর হয়ে যায়।

এরপর তার মোবাইল ‘নিজে থেকেই’ ফ্যাক্টরি রিসেট হয়ে যায় এবং মুছে যায় মোবাইলে আসা টাকা স্থানান্তরের সব এসএমএস।

ফেইসবুকে ভিডিও দেখার সময় জহিরুল ইসলাম (ছদ্মনাম) নামের এক ব্যাংক কর্মকর্তার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড হয়ে যায়। এরপর তার মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫৮ হাজার টাকা অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর হয়ে যায়।

Image

এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি

এছাড়া তার বিকাশ নম্বর থেকে ১৩ হাজার এবং ক্রেডিট কার্ড থেকে অন্য একটি বিকাশ নম্বরে স্থানান্তর হয়ে যায় ২০ হাজার টাকা। এভাবে তার কাছ থেকে মোট ১ লাখ ৯১ হাজার টাকা উধাও হয়ে যায়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম শাখার এসআই সাইদুর রহমান এ ধরনের কয়েকটি মামলার তদন্ত করছেন।

তিনি বলেন, “এসব লিংক ডাউনলোড ও অ্যাডাল্ট সাইটে প্রবেশের কারণে মোবাইল ফোনে কিছু অ্যাপ ডাউনলোড হয়ে যায়। সে কারণে মোবাইলে ম্যালওয়ার (ক্ষতিকারক সফটওয়্যার) ইনস্টল হয়। ডাউনলোড হয়ে যাওয়া অ্যাপ মুছে ফেলা হলেও ম্যালওয়ারটি থেকে যায়।

“সে কারণে মোবাইলের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারের হাতে। মোবাইল ব্যবহারকারীও অনেক সময় তা বুঝতে পারেন না। কিন্তু হ্যাকার মোবাইলের বিভিন্ন অ্যাপসহ মোবাইল ব্যবহারকারীর গতিবিধি নজরদারিতে রাখতে পারেন।”

বিভিন্ন মামলার তদন্ত করার অভিজ্ঞতার ভিত্তিতে এসআই সাইদুর বলেন, প্রতারিত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া টাকা অন্য ব্যাংকের যে অ্যাকাউন্টে যায়, প্রতারকরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে অন্য কাউকে দিয়ে সেই হিসাবটি খোলান।

তিনি বলেন, দেশের অনেকেই কম্বোডিয়া, ফিজি, সাইপ্রাস এ ধরনের দেশে থাকেন। এসব দেশে লেনদেন হয় রিয়েল, ফিজিয়ান ডলার ও তুর্কি লিরার মাধ্যমে। এসব দেশ থেকে প্রবাসীদের সরাসরি দেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ নেই। সে কারণে সেখান থেকে অনেকেই দেশে টাকা পাঠান বাইন্যান্সের (ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম) মাধ্যমে। আবার ফ্রিল্যান্সারের কাজ যারা করেন, তাদের অর্জিত টাকাও বাইন্যান্সের মাধ্যমে আনা হয়।

“এ সুযোগে অনেকেই প্রবাসীদের টাকা দেশে পাঠানোর দায়িত্ব নেন। দায়িত্ব নিয়ে তারা হ্যাকারদের সাথে যোগাযোগ করেন। হ্যাকাররা অন্য ব্যক্তির অ্যাকাউন্টের টাকা হ্যাক করে প্রবাসীদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছেন। ফলে এখানে প্রবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার শামীম হোসেন বলেন, তারা দেখছেন প্রতারকরা বিভিন্ন ব্যাংকে ভুয়া কিছু অ্যাকাউন্ট খোলে। যে ব্যক্তির নামে ব্যাংক হিসেবগুলো খোলা হয়, সেই ব্যক্তিও জানেন না তার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে।

“ব্যাংকগুলোর অভ্যন্তরীণ প্রতিযোগিতার কারণে অনেক সময় তারা যাচাই বাছাইও করে না। সে সুযোগটি কাজে লাগায় প্রতারকরা। একইভাবে অন্যের নামে নিবন্ধিত সিমের মাধ্যমেও প্রতারকরা বিকাশ অ্যাকাউন্ট করে।”

উপ-কমিশনার শামীম বলেন, এসব অ্যাকাউন্টের মাধ্যমে অনেক সময় প্রতারকরা টাকা হাতিয়ে নেন। আবার অনেকে আছেন কিছু কমিশনের জন্য অ্যাকাউন্টে প্রতারকদের টাকা আনার সুযোগ দেন।

পুলিশ কর্মকর্তা শামীম বলেন, অপরিচিত নম্বর থেকে আসা লিংকের মাধ্যমে কোনো অ্যাপ ডাউনলোড করা বা সেগুলোতে প্রবেশ করা যাবে না।

“আবার কেউ যদি প্রবেশ করেও থাকেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের সাহায্য গ্রহণ করুন।”