বাংলালিংকের ‘মুক্ত পে’ চালুর ঘোষণা
“ডিজিটাল ব্যাংক চালুর জন্য আমরা কাজ করছি, মাস ছয়েকের মধ্যে তা চালু করার আশা রাখি,” বলেন ভিওনের সিইও।
ডিজিটাল লেনদেনের সুযোগ নিয়ে এলো বাংলালিংকের ‘মুক্ত পে’।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ‘মুক্ত পে’ চালুর ঘোষণা দেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের সিইও কান তেরজিওগ্লো।
অনুষ্ঠানে ছয় মাসের মধ্যে ডিজিটাল ব্যাংক চালুর ঘোষণাও আসে তার মুখ থেকে।
গত অগাস্টে সরকারের কাছ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি লাইসেন্স পায় বাংলালিংক। এরপর মঙ্গলবার ওই অনুষ্ঠানে ‘মুক্ত পে’ নামে এই সেবার ঘোষণা এল।
এই পিএসপি সেবা ছাড়াও ‘নোভা ডিজিটাল ব্যাংক’ নামে একটি ডিজটাল ব্যাংকের লাইসেন্স পেয়েছে বাংলালিংক, যা তারা স্কয়ার গ্রুপের সঙ্গে মিলে বাজারে আনার প্রক্রিয়ায় আছে।
মঙ্গলবারের অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে তিন মাস ‘মুক্ত পে’ থাকবে চার্জবিহীন। অর্থাৎ টাকা পাঠানো বা তোলার ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। রিচার্জের ক্ষেত্রে পাওয়া যাবে ক্যাশ ব্যাক।
‘মুক্ত পে’ সেবায় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতোই টাকা লেনদেন, বাংলা কিউআরের মাধ্যমে দেশের লাখো মার্চেন্ট ও ই-কমার্সের অর্থ পরিশোধ, গ্যাস-বিদ্যুতের মতো বিভিন্ন সেবা ও সরকারি বিল পরিশোধ করা যাবে। বেতন ও অন্যান্য অর্থ বিতরণসহ অনুমোদিত বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা পাওয়া যাবে। আপাতত ১২টি ব্যাংক থেকে ‘মুক্ত পে’ তে টাকা নেওয়া যাবে।
বাংলাদেশে বর্তমানে এমএফএস অপারেটর আছে ১৩টি। পিএসপি অপারেটর মুক্ত পেসহ দেশের পিএসপি এবং পিএসও অপারেটরের সংখ্যা দাঁড়ালো ২২।
বিষয়টি নিয়ে ভিওনের সিইও বলেন, “আজ আমরা যা চালু করছি তা হলো 'মুক্ত পে', যা একটি পেমেন্ট প্ল্যাটফর্ম। মুক্ত পে এবং বিদ্যমান পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর মধ্যে পার্থক্য কী? প্রথমত, এটি সহজ, সরল এবং আরও সাশ্রয়ী। আমরা শুরুতেই যেমনটি বলেছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমাজের সেই সম্ভাবনাকে আমাদের উন্মোচন করতে হবে যেন মানুষ সাশ্রয়ী মূল্যে পেমেন্ট লেনদেনের সুবিধা পায়, যা আজ সম্ভব হচ্ছে না।”
ছয়মাসের মধ্যে ডিজিটাল ব্যাংক চালুর ঘোষণা দিয়ে ভিওনের সিইও বলেন, “ডিজিটাল ব্যাংক চালুর জন্য আমরা কাজ করছি, আগামী প্রায় ৬ মাসের মধ্যে তা চালু করার আশা রাখি।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভিওনের প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ারম্যান অগি কে ফাবেলা এবং বাংলালিংকের সিইও ইওহান বুসে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।
ভিওনের বোর্ড সদস্য আন্দ্রেই গুসেভ, স্যার ব্র্যান্ডন লুইস, ডানকান পেরি ও মিশেল সোয়েটিংও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
