২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আসছে সপ্তাহে মিলবে’ ১১ টাকার ডিম

বাজারে এখন এক হালি ডিমের দাম ৫২ টাকা থেকে ৫৫ টাকার মধ্যে। আর আমদানিকারকরা প্রতি হালি ডিম ৪৪ টাকার মধ্যে বিপণনের আশা দেখাচ্ছেন।

‘আসছে সপ্তাহে মিলবে’ ১১ টাকার ডিম

২০২১-২২ অর্থবছরে দেশে ডিম উৎপাদন হয়েছে মোট ২ হাজার ৩৩৫ কোটি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 09:59 PM

Updated : 12 Oct 2023, 10:46 PM

বাজার নিয়ন্ত্রণে সরকার ডিম আমদানির ঘোষণা দেওয়ার এক মাস পর আসছে সপ্তাহে বাজারে ভারত থেকে আমদানি করা ডিম ‘অনেকটা সুলভ মূল্যে’ আসতে শুরু করবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আগামী মঙ্গলবারের মধ্যে অন্তত তিনটি আমদানিকারক কোম্পানি ভারতের হারিয়ানা রাজ্য থেকে ডিম নিয়ে আসতে পারবে বলে তারা আশা করছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে গত দুই মাস ধরে ডিম ও ব্রয়লার মুরগির মাংসের উচ্চমূল্য মানুষকে অস্বস্তিতে ফেলেছে।

এ পরিস্থিতিতে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় প্রথমবারের মত প্রতিটি ফার্মের ডিমের খুচরা দাম ১২ টাকা, প্রতিকেজি আলু ৩৫ টাকা এবং প্রতিকেজি দেশি পেঁয়াজ ৬৫ টাকা নির্ধারণ করে দেয়।

কিন্তু তাতেও বাজার ঠাণ্ডা না হওয়ায় ১৭ সেপ্টেম্বর ডিম আমদানির অনুমোদন দেওয়া শুরু করে মন্ত্রণালয়। এপর্যন্ত ১৫টি কোম্পানিকে ১৫ কোটি ডিম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।  

বাংলাদেশে প্রতিদিন প্রায় চার কোটি ডিমের চাহিদা থাকে। সেই হিসেবে ওই ১৫ কোটি আমদানি করা ডিমে চার দিনের পুরো চাহিদাও মিটবে না।

ডিম, আলু, পেঁয়াজের সর্বোচ্চ দাম বেঁধে দেওয়ার পর প্রায় এক মাস পার হয়ে গেলেও কোনো পণ্যের দামই কমেনি। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ১১০ টাকা থেকে ১২০ টাকায় এবং আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকায়।

ডিমের দামও ঊর্ধমুখী। প্রতি ডজন ডিম ১৪৪ টাকা নির্ধারণ হলেও বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকায়।

টাইগার ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাইগার ট্রেডিং, পপুলার ট্রেড ও রিপা এন্টারপ্রাইজ এলসি খুলেছে। আগামী মঙ্গল ও বুধবারের মধ্যে ঢাকায় ডিম পৌঁছাবে বলে তারা আশা করছেন।

ডিমের প্রথম চালান আসবে ভারতের হারিয়ানা রাজ্য থেকে। সেখানে প্রতিটি ডিম কিনতে সাড়ে ৫ রুপি খরচ হয়েছে। এর সঙ্গে ৩৩ শতাংশ শুল্ক যোগ হবে। প্রথম ধাপে তিনটি কোম্পানির প্রতিটি দুই লাখ ৪০ হাজার করে ডিম নিয়ে আসবে।

“সবকিছু মিলিয়ে আমরা প্রতিটি ডিম ১১ টাকার মধ্যে ভোক্তার হাতে পৌঁছাতে পারবো বলে আশা করছি। আমরা মধ্যস্বত্ত্বভোগীদের এই প্রক্রিয়া থেকে বাদ রাখছি। হ্যাপিহাট নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই ডিম আমরা সরাসরি বিপণন করব। তাদের ওয়্যারহাউজে আমাদের ডিমগুলো থাকবে,” বলেন সাইফুর রহমান।

দীর্ঘদিন পর বাংলাদেশে ডিম আমদানি হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আমাদের এলসি খোলার খবরে ইতোমধ্যে বাজারে প্রভাব পড়া শুরু হয়েছে। খামারিদের একটি গ্রুপ ঢাকার বিভিন্ন স্পটে ডিম বিক্রির ঘোষণা দিয়েছে। দুই সপ্তাহ আগেই আমরা ডিম নিয়ে আসতে পারতাম। কিন্তু আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে আইপি পেতে দেরি হয়েছে।”

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিম আমদানির বিষয়টি সম্পূর্ণ নতুন হওয়ায় ব্যবসায়ীরা কাজ শুরু করতে একটু সময় নিয়েছেন। আগামী সপ্তাহে বাজারে আমদানি করা ডিম পাওয়া যাবে বলে আমদানিকারকরা নিশ্চিত করেছেন।”

আমদানিকারকরা দ্বিধায়

সরকার আমদানির অনুমোদন নিলেও ডলার সংকট, লাভ-লোকসানের হিসাব ও অভিজ্ঞতার অভাবে অনেক ব্যবসায়ী আমদানির প্রক্রিয়া শুরু করেননি। ঊর্ধমুখী ডিমের দাম কমে গিয়ে লোকসানের মুখে পড়তে হয় কিনা সেই আশঙ্কাও রয়েছে অনেকের মনে। ফলে তারা আরও কিছুদিন বাজার পর্যবেক্ষণ করতে চান।

গত ৮ অক্টোবর আমদানি অনুমোদন পাওয়া লায়েক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারি কাজী আকবর হোসেন বলেন, “মহারাষ্ট্র ও তামিলনাডুতে প্রতিটি ডিম পাওয়া যাচ্ছে ৫ থেকে ৬ রুপিতে। কিন্তু ডলার সংকটের কারণে আমরা এখনও এলসি খুলতে পারিনি। একটি এলসি খোলার জন্য অন্তত ১২ হাজার থেকে ১৩ হাজার ডলার প্রয়োজন। যমুনা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আমাদের লেনদেন। সেখানে ন্যাশনাল ব্যাংক এলসি খুলতে সম্পূর্ণ অপারগ। আর যমুনা ব্যাংকও কিছুদিন সময় নিচ্ছে।”

এ বিষয়ে ওই দুই ব্যাংকের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

ডিম আমদানির অনুমতি পাওয়া জেএফজে প্যারাডাইজ কানেকশনের স্বত্ত্বাধিকারি জাহাঙ্গীর আলম বলেন, “কলকাতা থেকে ১০ লাখ ডিম আনতে চাচ্ছি। সেখানে প্রতিটি ডিমের দাম সাড়ে ৬ ‍রুপি করে। সে কারণে বাংলাদেশের বাজারে সরবরাহ করতে গিয়ে দাম ১০ টাকার বেশি পড়ে যেতে পারে। তবে আমরা এখনো এলসি খুলিনি।”

গত ১৭ সেপ্টেম্বর আমদানির অনুমোদন পেয়েছিলেন অর্ণব ট্রেডিং। তারাও এখনও আমদানি শুরু করেনি।

এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ তৈফিকুর রহমান অর্ণব বলেন, “সরকারের পক্ষ থেকে বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে ডিম আমদানির ক্ষেত্রে। আমরা এখনও এসব শর্ত পূরণের উপায় খুঁজে বের করতে পারিনি। সে কারণে এখনও ডিম আমদানির জন্য ভারতীয় কোনো সরবরাহকারীর সঙ্গে চূড়ান্ত চুক্তিতে যেতে পারিনি।”