বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকতে সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি জসিম উদ্দিন।
বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে এফবিসিসিআই।
রোববার দুপুরে বঙ্গবাজারের ভষ্মীভূত এলাকা পরিদর্শনে এসে এ ঘোষণা দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটির সভাপতি মোঃ জসিম উদ্দিন।
এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার সকালের ভয়াবহ আগুনে দেশের পোশাকের অন্যতম বড় মার্কেট বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। কাঠ ও টিন দিয়ে তৈরি এ পাইকারি ও খুচরা বিপণি বিতানে কয়েক হাজার দোকান ছিল।
এ মার্কেটের আশপাশের ভবনে থাকা তিনটি মার্কেটের দোকানও পুড়েছে সেই আগুনে।
দীর্ঘ সময় ধরে জ্বলা আগুনে দোকানের পাশাপাশি ঈদের আগে তোলা নতুন পণ্যের অধিকাংশই পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৫ হাজারের মতো।
এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় তহবিল গঠনে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা জানায় দোকান মালিক সমিতি।
আইএফআইসি ব্যাংকের ওই সঞ্চয়ী হিসাব নম্বরের (০২০০০৯৪০৬৬০৩১) মাধ্যমে দেশ-বিদেশ থেকে যে কেউ অর্থ সাহায্য পাঠাতে পারবেন।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বঙ্গবাজার ও আশপাশের পুড়ে যাওয়া দোকানের মালিক ও ব্যবসায়ীসহ ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথাও জানায়।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাধ্যমত সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন:
