২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পোড়া বঙ্গবাজারে আরেক মার্কেটে অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পোড়া বঙ্গবাজারে আরেক মার্কেটে অগ্নিকাণ্ড

ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবার আগুন লেগেছিল। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 09:13 AM

Updated : 08 Apr 2023, 04:32 PM

চার দিন আগে আগুনে ছাই হয়ে যাওয়া ঢাকার বঙ্গবাজারের পাশের একটি বিপণি বিতানে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার সকালে সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয় বলে ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার।

সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডস্থল বরিশাল প্লাজা বরা হলেও পরে জানায়, এটি ছিল আসলে বরিশাল প্লাজার পাশের ভবন মালেকা মার্কেট।

এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

গত ৪ এপ্রিল যে ভয়াবহ আগুনে বঙ্গবাজার পুড়েছিল, সেই আগুন মার্কেটের সামনের সড়কের পশ্চিম পাশের দুই ভবন বরিশাল প্লাজা এবং বঙ্গ ইসলামিয়া মার্কেটেও ছড়িয়েছিল। শনিবার আগুন লেগেছে এই দুই মার্কেটের পশ্চিম পাশের ভবন মালেকা ভবনে।

আগুন লাগার প্রায় ২০ মিনিটি পর ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছিল, বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লেগেছে। এর প্রায় আধা ঘণ্টা পর জানায়, বঙ্গ ইসলামিয়া মার্কেটে নয় আগুন লেগেছে বরিশাল প্লাজায়।

তবে বরিশাল প্লাজায় আগুন লাগেনি বলে ওই মার্কেটের ব্যবসায়ীরা জানানোর পর যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিসের পরিদর্শক (ওয়্যার হাউজ) আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমকে বলেন, “মূলত আগুন লেগেছিল মালেকা মার্কেটের চতুর্থ তলায়। মার্কেটের ভবনগুলো গা ঘেঁষে হওয়ায় চিহ্নিত করা দুষ্কর হয়ে দাঁড়ায়।

“কয়েকটি ফ্লোর নিয়ে মালেকা মার্কেট হয়েছে। বরিশাল মার্কেটের ভেতর দিয়ে সেখানে যেতে হবে।”

মালেকা মার্কেটের গুদামে আগুন লেগেছিল জানিয়ে আনোয়ারুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত না করে বলা যাবে না বলে জানান তিনি।

পুরানো খবর:

পুড়ল বঙ্গবাজার: এক আগুনে ছাই হল হাজারো স্বপ্ন
বঙ্গবাজারের আগুন পুরোপুরি নিভল ৭৫ ঘণ্টা পর