নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইন শেষ, পুরস্কার দেবেন তামিম
ঢাকার একটি হোটেলে বিজয়ীকে দামি গাড়িটি বুঝিয়ে দেবে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিটি।
মেগা ক্যাম্পেইন শেষে বিজয়ীকে কোটি টাকা দামের বিএমডব্লিউ গাড়ি বুঝিয়ে দেবে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি নগদ।
আগামী মঙ্গলবার ঢাকায় এক হোটেলে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল বিজয়ীর হাতে গাড়িটির চাবি তুলে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
গত মার্চে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চালু ছিল নগদের এ ক্যাম্পেইন।
এতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং নগদ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এ ক্যাম্পেইনের বিষয়ে নগদ এর চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, “এই ক্যাম্পেইনে আমরা গ্রাহকদের কাছ থেকে অবিশ্বাস্য সাড়া পেয়েছি। যেহেতু ক্যাম্পেইনটির সঙ্গে কোটি মানুষ জড়িয়ে গেছেন, সে কারণে বিজয়ী নির্বাচনের জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত না নিয়ে দেশের মানুষের হাতে ছেড়ে দিয়েছি।”
নগদের মেগা ক্যাম্পেইনে একাধিক সেডান গাড়ি, পাঁচ শতাধিক মোটরসাইকেল ও রেফ্রিজারেটর, স্মার্ট টেলিভিশন, স্মার্ট মোবাইল, স্মার্টওয়াচ ও হেডফোনসহ পাঁচ হাজারের বেশি পণ্য বিজয়ীদের হস্তান্তর করা হয়েছে।
ওই অনুষ্ঠানগুলোতেও তামিম ইকবালসহ আরও অনেক তারকা নগদের হয়ে পুরস্কারগুলো বিতরণ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ক্যাম্পেইনের আওতায় অনেক বিজয়ীর বাড়ি গিয়েও পুরস্কার হস্তান্তর করেছে নগদ।
