মার্চে রেমিটেন্স ২ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে ৮.৪৯%
রোজা ও ঈদ সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন বলে ধারণা।
রোজা ও ঈদকে কেন্দ্র করে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো আয় বাড়তে শুরু করেছে; এতে ছয় মাস পর সদ্য সমাপ্ত মার্চে আবার রেমিটেন্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
রোববার প্রকাশিত সবশেষ হিসাবে গত মাসে মোট রেমিটেন্স এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলারের বেশি, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৫ কোটি ৭৯ লাখ ডলার বা ৮ দশমিক ৪৯ শতাংশ বেশি।
রোববার বাংলাদেশ ব্যাংক গত মার্চে রেমিটেন্স আসার তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, প্রবাসীরা জুলাই ও অগাস্টে সবশেষ দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছিলেন। এর পরের ছয় মাস রেমিটেন্স ২০০ কোটি ডলার ছোঁয়নি।
সাধারণত রোজা, ঈদ, বাংলা নববর্ষকে ঘিরে প্রবাসীরা অন্য সময়ের চেয়ে বেশি অর্থ দেশে পাঠিয়ে থাকেন। এবারও তেমনটিই হয়েছে বলে মনে করছেন ব্যাংকাররা। যে কারণে মাসওয়ারি হিসেবে আগের ছয় মাসের তুলনায় বেশি রেমিটেন্স এসেছে। গত মাসের তৃতীয় সপ্তহে রোজা শুরু হলেও এর প্রভাব দেখা গেছে প্রবাসী আয়ে।
সবশেষ তথ্য অনুযায়ী, আগের মাস ফেব্রুয়ারির তুলনায় আয় বেশি এসেছে ২৯ দশমিক ২৯ শতাংশ। গত ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল ১৫৬ কোটি ডলারের সামান্য বেশি।
তবে একক মাসে বাড়লেও চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে রেমিটেন্স কমেছে ১১৫ কোটি ৩৩ লাখ ডলার বা ৬ দশমিক ৭১ শতাংশ। এসময়ে ব্যাংকিং চ্যানেলে মোট রেমিটেন্স এসেছে ১ হাজার ৬০৩ কোটি ডলার। ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে এসেছিল ১ হাজার ৭১৮ কোটি ৩৬ লাখ ডলার।
গত ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১২ শতাংশ কম।
ডলার সংকটের মধ্যে রেমিটেন্স বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংক চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুন্ডি রোধে প্রবাসী আয় সংগ্রহে বিনিময় হারে সর্বোচ্চ দর নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো প্রবাসী আয়ে ডলারপ্রতি সর্বোচ্চ ১০৭ টাকা দাম দিচ্ছে। তবে গত মাসে এর চেয়েও বেশি দর দিয়ে কিছু ব্যাংক ডলার সংগ্রহ করছে বলে খবর এসেছে। এর প্রভাব দেখা গেছে মার্চের রেমিটেন্সে বলে সংশ্লিষ্টদের ধারণা।
এরসঙ্গে আড়াই শতাংশের সরকারি প্রণোদনা দিচ্ছে এবং কাগজপত্রের শর্ত শিথিল করা হয়েছে। এসব উদ্যোগের মধ্যেও প্রবাস আয়ে ওঠানামা করছে।
