২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী দিল ‘নগদ’ ও শিশুস্বর্গ

‘বাল্য বিবাহ এবং আত্মহত্যাকে না বলব’ স্লোগানের পাশাপাশি বাল্য বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন করা হয় অনুষ্ঠানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 11:49 PM

Updated : 23 Oct 2022, 03:23 PM

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলার প্রায় ৭০০ শিক্ষার্থীর মাঝে কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ‘বাল্য বিবাহ এবং আত্মহত্যাকে না বলব’ স্লোগানের পাশাপাশি বাল্য বিবাহ ও আত্মহত্যাকে লাল কার্ড প্রদর্শন করা হয়।

পরে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্নি আক্তার। তারপর বিনামূল্যে ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণসহ তাদের স্বাস্থ্যসুরক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ বিষয়ে ‘নগদ’ এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে নগদ শুরু থেকে এমন বিভিন্ন হিতকর কাজের সাথে সম্পৃক্ত।

“আমরা চাই দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সামনের দিনে দেশের হাল ধরুক এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ নির্মাণ করুক, যে চাওয়ার সামান্য একটু প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম।”

শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবীর আকন্দ বলেন, “সীমান্ত জনপদে দারিদ্র্যপীড়িত পরিবারের মেয়েরা মাসিক স্বাস্থ্য নিয়ে সচেতন নয়। সামাজিক লজ্জায় অনেক কিছু গোপন করে। সামান্য একটু অসচেতনতার কারণে শরীরে বড় বড় রোগ বাসা বাধে।”

ভবিষ্যতে উপজেলা ও জেলা পর্যায়ের বিদ্যালয়গুলোতে মেয়েদের সুবিধার জন্য ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক।