২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌচাষিদের উন্নয়নে ৩ কোটি টাকার সহায়তা স্ট্যান্ডার্ড চার্টার্ডের

প্রায় ৮০০ মধু চাষিকে স্বাস্থ্যবিধি মেনে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে দক্ষ করতে বিএএসএ ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2023, 06:31 PM

Updated : 23 Dec 2023, 06:31 PM

পরিবেশ সচেতন, টেকসই কৃষি প্রচার ও মৌচাষিদের উন্নয়নে দুই কোটি ৯০ লাখ টাকার অনুদান ঘোষণা করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

শনিবার ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মধু থেকে তৈরি পণ্য বিক্রি ও বাজারজাতকরণে আগ্রহী উদ্যোক্তাদের সুযোগ তৈরি করে দেওয়া এবং মধু উৎপাদনকারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এ অর্থায়ন।

প্রায় ৮০০ মধু চাষিকে স্বাস্থ্যবিধি মেনে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে দক্ষ করতে বিএএসএ ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা, টেকসই যান্ত্রিকীকরণ, পরাগায়ন রক্ষা, টেকসই কৃষি প্রচার এবং স্থানীয় উদ্যোক্তাদের জীবিকা নিশ্চিতকরণের মাধ্যমে ক্ষমতায়ন করতে এই অর্থ ব্যবহার করা হবে জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “মৌমাছি পালনে আমাদের এই বিনিয়োগ শুধুমাত্র মৌমাছির জনসংখ্যার বৃদ্ধিকে ত্বরান্বিত করে না। বরং ফসলের পরাগায়ন, জীববৈচিত্র্য এবং সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের কৃষিখাতকে সমৃদ্ধশালী করতে সহযোগিতা করে। আমরা ৮০০ মৌচাষি এবং এর সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নে অংশীদার হতে পেরে আনন্দিত।’’ 

বিএএসএ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম বলেন, “বিএএসএ ফাউন্ডেশন গত দুই দশক ধরে মৌমাছি লালন-পালন সংক্রান্ত ব্যবসা ও এর সাথে সংশ্লিষ্ট মানুষের উন্নয়নে কাজ করে আসছে। মৌচাষ কার্যক্রমে আমাদের বাস্তুতন্ত্র বজায় রাখা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টির ঘাটতি দূর করা, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি-সহ নানাবিধ সম্ভাবনার সুযোগ রয়েছে।এই উদ্যোগ কৃষি খাতে প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিশেষ অবদান রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”