২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অনাবৃষ্টির কারণে আমন চাষ ব্যাহত, লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা

চাঁপাইনবাবগঞ্জে অনাবৃষ্টির কারণে রোপা আমন চাষ ব্যাহত হওয়ায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশংকা করা হচ্ছে। অনাবৃষ্টির কারণে যেসব জমিতে ধান লাগানো হয়েছে তাও পানির অভাবে শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 11:17 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার ৫৬ হাজার ৮ শ’ ৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে চাষাবাদ হয়েছে ৪০ হাজার ৩ শ’ ৯৫ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায়  ৮ হাজার ৭ শ’ ৬৫ হেক্টরের মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান ৮ হাজার ৪৬১ এবং স্থানীয় ৩০৫ হেক্টর, শিবগঞ্জ উপজেলায় ১১ শ’ ৫০ হেক্টরের মধ্যে উফশী জাতের ১১ শ’ হেক্টর ও স্থানীয় জাতের ৫০ হেক্টর, গোমস্তাপুর উপজেলায় ৯ হাজার ৯ শ’ ৭৫ হেক্টরের মধ্যে উফশী জাতের ৯ হাজার ৭ শ’ ৬৫ হেক্টর  ও স্থানীয় জাতের ২ শ’ ১০ হেক্টর, নাচোল উপজেলায় ১৮ হাজার ৩ শ’ হেক্টর জমিতে উফশী জাতের এবং ভোলাহাট উপজেলার ২ হাজার ২ শ’ ৫ হেক্টর জমির মধ্যে ১ হাজার ৮ শ’ ৪০ হেক্টর উফশী  ও ৩ শ’ ৬৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ--পরিচালক অসীম কুমার মালাকার বিডিনিউজকে জানান, গত বছরও অনাবৃষ্টির কারণে এরকম সংকটের সৃষ্টি হয়েছিল। তবে এসময় পর্যন্ত গত বছর আবাদ হয়েছিল ৮২ শতাংশ জমিতে এবার যার পরিমাণ ৭০ শতাংশ।

তিনি আরো জানান, বিরাজমান পানির তীব্র সংকট মোকাবেলায়  ১ হাজার ১ শ’ ২৯ টি গভীর নলকূপ, ৬ শ’ ৬ টি শ্যালো ইঞ্জিন চালিত নলকূপ, ৯’শ ৮০ টি পাওয়ার পাম্প এবং ৩ হাজার ১ শ’ ৮৫ টি অন্যান্য সেচ যন্ত্র ব্যবহার করা হচ্ছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) জানিয়েছে, জেলার ৫ টি উপজেলায় তাদের ১ হাজার ৪ শ’ ৩০ টি গভীর নলকূপের মধ্যে বর্তমানে ১ হাজার ১ শ’ ২৯ টি সেচ কাজে ব্যবহার হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭০ ভাগ অর্জিত হওয়ার দাবি করলেও ৫০ ভাগের বেশি হয়নি। অতিরিক্ত ব্যয়ে বিভিন্ন পন্থায় সেচ দিয়ে জমিতে ধানের চারা রোপন করলেও পানির অভাবে এখন তা নষ্ট হতে চলেছে। পানির অভাবে বীজতলা থেকে চারা উত্তোলনে ব্যাঘাত ঘটে। ফলে বীজতলাতেই নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ চারা।

তারা আরও জানান, অগভীর নলকূপের আওতাধীন জমিতে সেচ দিতে তাদের এবার গুণতে হয়েছে অতিরিক্ত টাকা। ক্রমাগত তেলের মূল্যবৃদ্ধির কারণেই তাদের এ টাকা লেগেছে বলে কৃষকরা দাবি করেন।

তারা জানান, আগের বছরগুলোর তুলনায় এবার পর্যাপ্ত সার পাওয়া গেলেও এর মূল্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে একটু বেশি।

সার বিক্রেতারাও জানান, দু-একটি স্থানে পটাশ ছাড়া সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে ডিলারদের কাছে। 

জেলা সদরের দানিউল হক এ্যান্ড ব্রাদার্সের মোজাম্মেল হক বিডিনিউজকে জানান, সারের পর্যাপ্ত মজুদ রয়েছে ডিলারদের কাছে। কিন্তু জমিতে সেচ দিতে না পারার কারণে কৃষকরাই সার কিনছেন না।

তিনি জানান, ইউরিয়া প্রতি বস্তা ২৯৪ টাকা, টিএসপি (চায়না) প্রতি বস্তা ৬৭৫ টাকা, এসএসপি প্রতি বস্তা ৪৩০ টাকা, এমওপি প্রতি বস্তা ৬৯০ টাকা ও ডিএপি (রাশিয়া) প্রতি বস্তা ৮৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গ্রাম অঞ্চলে সারের দাম কিছুটা বেশি।