২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংকে চেয়ারম্যান জিয়াউল হাসানই থাকছেন

তাকে দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 10:02 AM

Updated : 22 Aug 2022, 10:02 AM

ব্যবস্থাপনা পরিচালক বদলালেও সোনালী ব্যাংকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে জিয়াউল হাসান সিদ্দিকীই থাকছেন।

তাকে দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য নিযুক্ত করতে রোববার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তাতে হয়, “সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীকে তার বর্তমান নিয়োগের মেয়াদ সমাপনান্তে উক্ত ব্যাংকের পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে আরও তিন বছর মেয়াদে পুনঃনিয়োগের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হল।”

প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

২০১৯ সালে প্রথমবার জিয়াউল হাসানকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি আগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন।