বিদুৎখাতের ঊর্ধ্ব ঋণসীমায় ছাড়
আগামী ডিসেম্বর পর্যন্ত ২৫% ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে।
বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে একক গ্রাহক হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে বেঁধে দেওয়া ঋণের সীমা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত এ সীমায় ছাড় পাবে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বলে বৃহস্পতিবার ডেপুটি গভর্নরের আবু ফরাহ মো. নাছের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ২০২২ সালের নভেম্বরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে পাঁচ বছরের জন্য ব্যাংক কোম্পানি আইনের একক গ্রাহকের এ ঋণ সীমায় ছাড় দিয়েছিল।
বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে বিদ্যুৎখাতের জন্য জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানিতে একক গ্রাহকের ঋণসীমায় ছাড় পাবে সংশ্লিষ্ট কোম্পানি।
বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠানো এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, “বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ উৎপাদনকারী কোনো একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক কর্তৃক ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ (১) ধারায় বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে না।"
এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একক গ্রাহকের ২৫% ঊর্ধ্বসীমার স্থলে ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একক গ্রাহক হিসেবে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনো ব্যাংক মূলধনের ২৫ শতাংশের (ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে) বেশি ঋণ দিতে পারবে না।
অপরদিকে ফান্ডেড ঋণের বেলায় তা মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ হবে। শুধু বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২৫ শতাংশের পুরোটাই ফান্ডেড ঋণ দেওয়া যাবে।
