২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলার প্রতি ১০২ টাকা পাবেন রপ্তানিকারকরা

রেমিটেন্সসহ বৈদেশিক মুদ্রার অন্যান্য দরে কোনো পরিবর্তন আনা হয়নি।

ডলার প্রতি ১০২ টাকা পাবেন রপ্তানিকারকরা

ডলার নোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 03:36 PM

Updated : 03 Jan 2023, 03:36 PM

রপ্তানি আয়ে ডলারের দর ১ টাকা বাড়িয়ে ১০২ টাকা করা হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি গত রোববার রাতে এক ভার্চুয়াল বৈঠেকে ডলারের এই নতুন দর নির্ধারণ করে। তবে রেমিটেন্সসহ বৈদেশিক মুদ্রার অন্যান্য দরে কোনো পরিবর্তন আনা হয়নি।

বাফেদার এক্সিকিউটিভ সেক্রেটারি আবুল হাশেম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সব ব্যাংকে এ নির্দেশনা জানিয়ে দেওয়ার পর ইতোমধ্যে নতুন দল কার্যকর হয়েছে।

ব্যাংকিং চ্যানেলে বিদেশি মুদ্রা দেশে আনার ক্ষেত্রে গত ১১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে খাতভিত্তিক দর র্নিধারণ করে দিচ্ছে বাফেদা ও এবিবি। এর আগে গত ৩০ জুন বৈদেশিক মুদ্রার বিনিময় হার র্নিধারণের বিষয়টি বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

সেই সিদ্ধান্ত অনুযায়ী, রেমিটেন্সে ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় সর্বোচ্চ ১০৭ টাকা, যা রোববারের বৈঠকেও অপরিবর্তিত রাখা হয়েছে।

এদিন রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দর ১ টাকা বাড়িয়ে ১০১ টাকা থেকে ১০২ টাকা করা হয়েছে। আমদানিসহ অন্যান্য দর আগের মতই থাকবে।

পণ্য আমদানির এলসি খোলার ক্ষেত্রে ডলারের দর নির্ধারণ করা হবে আগের মতই রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ গড় হারের সঙ্গে অতিরিক্ত ১ টাকা বেশি নিতে পারবে; অর্থাৎ স্প্রেড সীমা হবে ১ টাকা। এটিই আন্তঃব্যাংকে ডলারের বিনিময় দর হিসেবে ধরা হচ্ছে।

বৈঠকে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।