বাণিজ্য মেলার প্রথম দিন ‘উচ্ছ্বাসের অভাব’
“কেনাকাটার পরিবেশ পাচ্ছি না, হাতুরির খটখট শব্দে বিরক্তও হচ্ছি” মেলা ঘুরে বললেন মুন্সীগঞ্জ থেকে আসা জারিয়া।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন হলেও অন্যান্য বছরের মতোই বাকি রয়ে গেছে প্রস্তুতি। কোনো কোনো স্টল তৈরির কাজ এখনও চলছে।
যেসব স্টল তৈরি হয়েছে, সেগুলোতেও পণ্য সাজানো শেষ হয়নি। ফলে কেনাবেচা এখনও শুরু হয়নি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পূর্বাচলে গিয়ে আশা ভঙ্গ হয়েছে অনেকের।
প্রতি বছরের প্রথম দিন থেকে বাণিজ্য মেলা শুরু হলেও এবার দ্বাদশ সংসদ নির্বাচনের কারণে মেলা পিছিয়েছে তিন সপ্তাহ।
রোববার দুপুরের দিকে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মেলার প্রবেশদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। বিকালের দিকে দর্শনার্থীদের ভিড়ও দেখা যায়।
‘ইন্ডিয়া ফুটওয়্যার’ এর স্টলে গিয়ে দোকানি নারেশ কুমারকে ‘আইয়েন ম্যাডাম, ইন্ডিয়ান চপ্পল, স্লিপার, নাগ্রা, ইন্ডিয়ান ফুটওয়্যার আইয়েন ম্যাডাম’ বলে ডাকাডাকি করতে দেখা যায়। আট বছর ধরেই তিনি ভারত থেকে পণ্য নিয়ে বাণিজ্য মেলায় আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নারেশ বলেন, “আমাদের জুতার মান ভালো। তাই অনেক ক্রেতা আমাদের দোকান খোঁজেন। আর এই দেশ আমার ভালো লাগে, তাই বাণিজ্য মেলার সুযোগে চলে আসি। খুবই উপভোগ্য হয় মেলা।”
মেলায় ভারতেরই বেশ কয়েকটি স্টল রয়েছে। তার মাঝে “কাশ্মীরী চাদর’ স্টলের কাজ এখনও শেষ হয়নি। কর্মীরা বলছেন, আরও দুই দিন সময় লাগবে।
এবার তুরস্ক, ইন্দোনেশিয়া, হংকং, ইরান ও পাকিস্তানের ১৬টির মতো প্যাভিলিয়ন থাকার কথা রয়েছে।
প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল, রেস্তোরাঁ মিলিয়ে দেশি-বিদেশি স্টলের সংখ্যা থাকবে ৩৫১টি।
পাকিস্তানি স্টল ‘অপরূপা গিফট কর্ণার মেইড ইন করাচি’র কর্মী মো. আরিশ হোসেন বলেন, “আমাদের বেচা-বিক্রি এখনও শুরু হয়নি। গুছাতে আরও দুইদিন লাগবে।”
‘ইরানি রিয়েল স্টোন অ্যান্ড সিলভার জুয়েলারি’র প্যাভিলিয়নের কাজ প্রায় সবটুকুই বাকি। তাদের আরও তিন দিন সময় লাগবে বলে জানালেন স্টলের কর্মচারী রনি তালুকদার।
উদ্বোধনের পরও এত দেরি কেন জানতে চাইলে তিনি বলেন, “আজ প্রধানমন্ত্রী আসছেন, তাই গতকাল (শনিবার) দুপুরের আগ থেকে আজ দুপুর পর্যন্ত আমাদের কাজ করার সুযোগ দেওয়া হয় নাই। আবার আমাদের বাকি কর্মচারীরাও সময়মতে আসে নাই। সব মিলিয়ে দেরি হইছে।”
‘হ্যাপি ডে’র স্টলে এক দিকে পণ্য দেখছিলেন ক্রেতারা, অন্য পাশে চলছিল পণ্য সাজানোর কাজ চলছে। বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, “আজ রাতেই কাজ শেষ হবে। স্টলের কর্মচারীরা সময়মত আসেননি, তাই দেরি হয়েছে।”
মেলায় মেগা প্রকল্পের ছাপ
মেলার প্রবেশদ্বার তৈরি করা হয়েছে বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আদলে।
প্রবেশ গেইটের সামনের দিকে পদ্মা সেতু, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, মেট্রোরেলের আদলে প্রতিচ্ছবি তৈরি করা হয়েছে।
বঙ্গবন্ধু কর্নারও রয়েছে মেলাটিতে। শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক।
গেটে আনসারের দায়িত্ব পালন করছেন সাব্বির শেখ। তিনি জানালেন, মেলা শুরুর দুয়েকদিন পর থেকেই ভিড় হয় প্রতি বছর।
মেলায় নিরাপত্তায় পাঁচটি ওয়াচ টাওয়ারের পাশাপাশি আছে বিপুল সংখ্যক সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব সদস্য দেখা গেছে। প্রাঙ্গণের বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর টহলও লক্ষ্য করা গেছে।
রাস্তায় যেন ধুলাবালি না তৈরি হয় তাই পানি ছিটাতে দেখা গেছে। ফার্মগেইট ও কুড়িল থেকে বাণিজ্য মেলার জন্য বাসও চালু করা হয়েছে।
মেলায় বড়দের প্রবেশ মূল্য ৫০ টাকা, আর শিশুদের ২৫ টাকা।
ঘুরতে এসে হতাশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মেলায় ঘুরতে এসে অপ্রস্তুত মেলা দেখে আতিকা বিথি বলেন, “২০ দিন পরে মেলা শুরু হল। এতদিন অপেক্ষা ছিলাম। তাই শুরুর প্রথমদিনই আসলাম। কিন্তু এসে দেখি এখনো স্টলগুলোর কাজ চলছে। অনেকগুলো স্টলে লোকই নেই।”
জারিয়া আফরিন ও নিশাত আফরিন দুই বোন। তারা এসেছিলেন মুন্সীগঞ্জ থেকে। জারিয়া বলেন, “কেনাকাটার পরিবেশ পাচ্ছি না, হাতুরির খটখট শব্দে বিরক্তও হচ্ছি। আরেকটু ভালো কিছুর আশা ছিল। যেহেতু এতদূর থেকে এসেছি, তাই আক্ষেপটা বেশি।”
সহকর্মীদের সঙ্গে মেলা দেখতে এসেছিলেন নেদারল্যান্ডসের নাগরিক স্টিফেন হোগার্ডও। তিনি বাংলাদেশের তৈরি পোশাকের ক্রেতা।
স্টিফেন বলেন, “আমি আগে আরও একবার এসেছিলাম। খুবই ভালো লাগে। আনন্দমুখর দৃশ্য, অনেক দেশের পণ্য পাওয়া যায়, সুন্দর আয়োজন।”
কিছু কিনবেন কি না প্রশ্নে শুনে তিনি বলেন, “আমি আগেও একটা পণ্য কিনেছিলাম। এবার যদি পছন্দ হয় তাহলে কিনব।”
উত্তরা থেকে বন্ধুদের সঙ্গে আসা শরিফুল ইসলাম জানান, প্রতি বছর ৪ থেকে ৫ বার মেলায় আসেন। তিনি বলেন, “কেনাকাটা যতটা করি তার চেয়ে ভালো লাগে স্টল ঘুরে দেখা ও ছবি তোলা। এতদিন অপেক্ষায় ছিলাম কবে আসব। তাই উদ্বোধনের প্রথম দিনেই চলে আসলাম। আরও কয়েকবার আসব।”
