১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বকেয়া নিয়ে কারখানা মালিকপক্ষের সমস্যা পেলে প্রশাসক নিয়োগ: শ্রম উপদেষ্টা

“সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে; এর ব্যত্যয়ের কোনো সুযোগ নেই,” বলেন তিনি।

বকেয়া নিয়ে কারখানা মালিকপক্ষের সমস্যা পেলে প্রশাসক নিয়োগ: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 10:50 PM

Updated : 26 Aug 2026, 10:54 AM

পোশাক শ্রমিকের বেতন দিতে গড়িমসির ক্ষেত্রে মালিকপক্ষের সমস্যা পেলে সেখানে প্রশাসক বসিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “শ্রমিক ভাইবোনদের বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আপনাদের ফ্যাক্টরি চলে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।

“সব কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। এর ব্যত্যয়ের কোনো সুযোগ নেই। কেউ মজুরি বোর্ড বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালিকপক্ষের সমস্যা পেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। দেশকে সচল রাখতে হবে। রাস্তাঘাট অবরোধ করে জনগণকে কষ্ট দেওয়ার সুযোগ নেই।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন উপদেষ্টা।

গণআন্দোলনে গত ৫ অগাস্ট সরকারপতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বকেয়া বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের মত পোশাক কারখানা অধ্যুষিত এলাকায় বিক্ষোভ করে আসছেন শ্রমিকরা।

মঙ্গলবারও গাজীপুর নগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও হাজিরা বোনাস বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে তিনটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এর মধ্যে একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ ছাড়া বিভিন্ন দাবিতে ১৪টি পোশাক তৈরি কারখানা বন্ধ রয়েছে।

দেশের বিভিন্ন জায়গায় চলমান অসন্তোষের যৌক্তিক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করে শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “আমাদের উপর ভরসা রাখুন। আমরা আপনাদের কষ্ট অনুভব করছি। আপনাদের ন্যায্য পাওনা আপনারা অবশ্যই পাবেন।”

শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধান ও তা নিরসনে ‘ক্লাস্টার ভিত্তিতে’ কমিটি গঠনের নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, “গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া সাভারসহ কারখানা অধ্যুষিত এলাকাগুলোতে ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। ওই কমিটি মালিক পক্ষকে সার্বক্ষণিক মনিটরিং করবে। তারা বেতন ভাতা পরিশোধ করছে কি না সেটিও নিশ্চিত করবে।

“শ্রমিক অসন্তোষ কেন হচ্ছে, কারণ কী, অনুসন্ধানপূর্বক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। শ্রমিক অসন্তোষ তৈরিতে বহিরাগতদের উস্কানি রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখবে এ কমিটি।”

শ্রম মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে বকেয়া বেতন আনাদায়কৃত বার্ডস গ্রুপকে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট থেকে ইন্টারেস্ট ফ্রি ১৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।