২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যার বিচার: আইসিজে’র সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ

মিয়ানমারের আপত্তি নাকচ করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের রায় ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করা জরুরি।

রোহিঙ্গা গণহত্যার বিচার: আইসিজে’র সিদ্ধান্তকে স্বাগত জানাল বাংলাদেশ

ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 11:28 PM

Updated : 23 Jul 2022, 12:07 AM

রোহিঙ্গা গণহত্যার মামলায় মিয়ানমারের সামরিক জান্তার আপত্তি নাকচ করে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ এ আদালতের সিদ্ধান্ত ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক বিচার নিশ্চিত করা জরুরি।

২০১৯ সালের নভেম্বরে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। তাতে আপত্তি তুলে মিয়ানমার দাবি করে, আইসিজেতে এ মামলা করার এখতিয়ার গাম্বিয়ার নেই।

গত ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের হেগে শহরে এ বিষয়ে শুনানি করে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। তার ভিত্তিতে শুক্রবার মিয়ানমারের আপত্তি নাকচ করে জাতিসংঘের এ আদালত।

এর ফলে জাতিসংঘের সর্বোচ্চ এ আদালতে রোহিঙ্গা গণহত্যার মামলায় পূর্ণাঙ্গ শুনানির পথ তৈরি হয়েছে।

পররাষ্ট্রম ন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “গাম্বিয়ার মামলার আবেদন ও গণহত্যার অপরাধ স্বীকারোক্তির বিষয়ে মিয়ানমারের প্রাথমিক আপত্তি বাতিল করে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ।”

রায়ে আইসিজের ১৩ বিচারকের প্যানেল সিদ্ধান্ত দেয়, ১৯৪৮ সালের আন্তর্জাতিক জেনোসাইড কনভেনশনে সই করা সকল দেশেরই দায়িত্ব হল গণহত্যা প্রতিরোধে ভূমিকা রাখা।

আর সেসব দেশ যখন কোথাও গণহত্যার অভিযোগ করে, তার ওপর শুনানি করার এখতিয়ার এ আদালতের রয়েছে। সার সংক্ষেপে বলা হয়, জেনোসাইড কনভেনশনে সই করা দেশ হিসেবে এ আদালতে মামলা করার এখতিয়ার গাম্বিয়ার আছে।

এ রায়ের পর পররাষ্ট্র মন্ত্রলায় বিবৃতিতে বলেছে, “বাংলাদেশ মনে করে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

“এবং এটা আইনসঙ্গত অধিকার দেওয়ার মাধ্যমে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরির পদক্ষেপ হয়ে উঠতে পারে।”

রয়টার্স লিখেছে, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এখন মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার পূর্ণাঙ্গ শুনানির আয়োজন করবে, যার নিষ্পত্তি করতে বহু বছরও লেগে যেতে পারে।

আরও খবর

পুরনো খবর:

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচারের পথ খুললো
রোহিঙ্গা গণহত্যা: আইসিজেতে মামলা চলবে কিনা, রায়ের অপেক্ষা
রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে চার দফা নির্দেশ আইসিজের
রাখাইনে ‘গণহত্যা’ হয়েছে, গবেষণায় তথ্য
মিয়ানমারে গণহত্যা বন্ধ করুন: জাতিসংঘ আদালতকে গাম্বিয়া