পাকিস্তানে খাদ্য ও কৃষি প্রদর্শনীতে ঢাকার অংশগ্রহণ
প্রদর্শনীতে বাংলাদেশ চা বোর্ড, বাপা ও শিল্পপ্রতিষ্ঠান প্রাণ অংশগ্রহণ করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় করাচির খাদ্য ও কৃষি প্রদর্শনীতে অংশ নিয়েছে ঢাকা।
বাংলাদেশের করাচি উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় চার দিনের এ প্রদর্শনীতে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি (বাপা) ও শিল্পপ্রতিষ্ঠান প্রাণ অংশগ্রহণ করে।
পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে এ প্রদর্শনী হচ্ছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
বৃহস্পতিবার পর্যন্ত প্রদর্শনী চলবে জানিয়ে মন্ত্রণালয় বলছে, এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের কাছে বাংলাদেশের চা শিল্পের বৈচিত্র্য, গুণগত মান ও রপ্তানি সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
এদিন সকালে প্রদর্শনী উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান।
বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন ও বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।
