২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ট্যান্ডিং টিকেট’র দাবি, ঢাকায় রেল স্টেশনে মারামারি

পরে রেল কর্তৃপক্ষ টিকেট দিলে পরিস্থিতি শান্ত হয় বলে পুলিশ জানিয়েছে।

‘স্ট্যান্ডিং টিকেট’র দাবি, ঢাকায় রেল স্টেশনে মারামারি

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রা সোমবার শুরু হলেও মঙ্গলবার যাত্রী ছিল আগের দিনের তুলনায় বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2023, 12:04 AM

Updated : 21 Apr 2023, 12:04 AM

ঈদের ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকেট না পেয়ে ক্ষুব্ধ এক দলযাত্রী ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে আনসার সদস্যদের সঙ্গে মারামারিতে জড়িয়েছে।

ঈদের দুদিন আগে বৃহস্পতিবার রাতের এ ঘটনায় আনসার সদস্যসহ ৩-৪জন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

রাত পৌনে ৮টার দিকে এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ বিক্ষুব্ধ যাত্রীদের দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদে ঘরমুখো শতাধিক যাত্রী ট্রেনের টিকেট না পেয়ে স্টেশনের ভেতরে বিক্ষোভ শুরু করে।

“তারা স্ট্যান্ডিং টিকেটের দাবিতে রেল স্টেশনের মূল ফটকসহ আশেপাশে হামলা চালায়। এসময় রেলওয়ে নিরাপত্তাকর্মী এবং আনসার সদস্যরা তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে।”

ওই যাত্রীরা বিমানবন্দরের মূল সড়ক অবরোধের চেষ্টাও চালিয়েছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা তৌহিদুল বলেন, তখন অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্ট্যান্ডিং টিকেটের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত হয়।

উত্তরাঞ্চলগামী দুটি ট্রেনের টিকেট প্রত্যাশীরা এই বিক্ষোভে ছিল বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।