বাবাকে খুনে সরকারি কর্মকর্তা ছেলের জবানবন্দি
বাবা-ছেলে মিলে থাকতেন শেখেরটেকে।
রাজধানীর শেখেরটেক এলাকায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নুরুল আলম হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন তার ছেলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক ইফতেখার আলম।
শুক্রবার ঢাকার মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা তার খাসকামরায় ইফতেখারের জবানবন্দি রেকর্ড করেন।
এ দিন আসামিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই মো. ইব্রাহিম। ইফতেখার স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গত বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অবসরপ্রাপ্ত উপ প্রধান রাসায়নিক কর্মকর্তা নূর আলমের (৭৪) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ৩৫ বছর বয়সী ছেলে ইফতেখারকে নিয়ে শেখেরটেকের ৭ নম্বর সড়কের ২০ নম্বর বাসার দোতলায় ভাড়া থাকছিলেন। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
আদালতে তদন্ত কর্মকর্তা যে আবেদন করেন, তাতে বলা হয়, গত বুধবার দুপুরের দিকে দুধ কিনতে দোকানে যান ইফতেখার। দাম নিয়ে দোকানির সঙ্গে ঝগড়া হয় তার। এরপর বাসায় ঢোকার সময় নিরাপত্তাকর্মীর সঙ্গেও ঝগড়া হয়। বাসায় এসে দরজা বন্ধ করে দেন।
বৃহস্পতিবার বিকালের দিকে বাড়ির মালিক নিরাপত্তাকর্মীকে নিয়ে ইফতেখারের কাছে বাসা ভাড়া চাইতে গেলে তার সঙ্গেও খারাপ ব্যবহার করেন ইফতেখার। নিরাপত্তাকর্মীকে মারধর করেন।
তারা বিষয়টি ইফতেখারের বাবা নুরুল আলমকে জানাতে বাসায় প্রবেশ করলে রুমের ভেতর খাটের ওপর তার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তাদের খবরে পুলিশ লাশটি উদ্ধারের পাশাপাশি ইফতেখারকে আটক করে।
ইফতেখার মানসিকভাবে অসুস্থ বলে তার পরিবারের কাছ থেকে জানতে পাওয়ার কথা জানিয়েছেন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হক।
