২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের আপিল শুনানি ২৯ অগাস্ট

গত ১৭ অগাস্ট ‘মামলা কেন বাতিল হবে না’ জানতে চেয়ে উচ্চ আদালতের রুল হাই কোর্ট খারিজ করে দেয়।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে ইউনূসের আপিল শুনানি ২৯ অগাস্ট

মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 08:25 PM

Updated : 24 Aug 2022, 08:25 PM

শ্রম আইন লঙ্ঘনের মামলা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হাই কোর্ট দিয়েছে, তার বিরুদ্ধে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের আপিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দিয়ে আগামী ২৯ অগাস্ট শুনানির তারিখ ঠিক করে দিয়েছেন।

আদালতে মুহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অন্যদিকে শ্রম আদালতের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

হাই কোর্টের রায় স্থগিত চেয়ে মঙ্গলবার এই আপিল আবেদন করা হয় বলে ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।

এর আগে গত ১৭ অগাস্ট ‘মামলা কেন বাতিল হবে না’ জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে রায় দেয় বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাই কোর্ট বেঞ্চ।

এর ফলে শ্রম আদালতে ওই মামলার বিচার চলতে বাধা ছিল না। হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধেই আবেদন করেছেন ইউনূস।

গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।

পুরনো খবর:

মামলা বাতিল প্রশ্নে ‘হাই কোর্টের রায়ের বিরুদ্ধে’ ইউনূসের আপিল
শ্রম আদালতে ইউনূসের বিরুদ্ধে মামলা চলবে

মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মামলায়।

এক আবেদনের পর গত বছরের ১২ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের ‘অনারারি (বিনা বেতনে)’ চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাই কোর্ট। একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিল।

এরপর রাষ্ট্রপক্ষের আপিলে গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে করা এ মামলার কার্যক্রমের ওপর দুই মাস স্থগিতাদেশ দিয়ে এ সময়ের মধ্যে রুল নিষ্পত্তি করতে হাই কোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ।