মামলা বাতিল প্রশ্নে ‘হাই কোর্টের রায়ের বিরুদ্ধে’ ইউনূসের আপিল
গত ১৭ অগাস্ট ‘মামলা কেন বাতিল হবে না’ জানতে চেয়ে উচ্চ আদালতের রুল হাই কোর্ট খারিজ করে দেয়।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ‘মামলা বাতিল প্রশ্নে’ রুল খারিজ করে ‘হাই কোর্টের দেওয়া রায়ের’ বিরুদ্ধে আপিলের আবেদন করেছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
হাই কোর্টের রায় স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকে (বুধবার) আমরা আবেদন করেছি লিস্টে আসার জন্য, আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।”
এর আগে গত ১৭ অগাস্ট ‘মামলা কেন বাতিল হবে না’ জানতে চেয়ে জারি করা রুল খারিজ করে রায় দেয় বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাই কোর্ট বেঞ্চ।
গত বছরের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় মামলায়।
এক আবেদনের পর গত বছরের ১২ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের ‘অনারারি (বিনা বেতনে)’ চেয়ারম্যান মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাই কোর্ট। একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিল।
এরপর রাষ্ট্রপক্ষের আপিলে গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ইউনূসের বিরুদ্ধে করা এ মামলার কার্যক্রমের ওপর দুই মাস স্থগিতাদেশ দিয়ে এ সময়ের মধ্যে রুল নিষ্পত্তি করতে হাই কোর্টকে নির্দেশ দেয় আপিল বিভাগ।
পুরনো খবর:
